বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. শোকরানার বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত গম কেলেঙ্কারির মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা মামলাটি থেকে দুই আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করলেও বগুড়ার সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মতিন পুরো মামলাটিই প্রত্যাহারের আবেদন জানান। আদালত আবেদনটি মঞ্জুর করেন। ফলে অভিযোগ গঠনের আগেই শোকরানাসহ পার পেয়ে গেলেন ওই মামলার চার আসামি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি যৌথ বাহিনীর সদস্যরা শোকরানার গুদাম থেকে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের সাড়ে ১৮ হাজার বস্তা মসুর ডাল আটক করেন। ওই সময় যৌথ বাহিনী শোকরানাকে গ্রেপ্তার করে। পরে ডাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে শোকরানা ও তাঁর সহযোগী পরিমল কুমার সিংয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গণেশ গোপাল বিশ্বাস ওই বছরের ১৫ মার্চ ওই দুই ব্যক্তি ছাড়াও সিটি ব্যাংক বগুড়া শাখার কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ ও মহিবুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৬ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনার আনিছ উদ্দিন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় পরিচালনার অনুমতি দেন। পরে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলাটির কার্যক্রম শুরু হয়।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার ১৩তম সভায় মামলা থেকে ওই দুই ব্যাংক কর্মকর্তার নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা এক চিঠিতে বগুড়া জেলা প্রশাসকের কাছে ওই সিদ্ধান্তের কথা জানায়। চিঠিতে অন্য দুই আসামির বিরুদ্ধে মামলাটি যথানিয়মে চলবে বলে উল্লেখ করা হয়।কিন্তু পিপি আবদুল মতিন গত বছরের ২৯ সেপ্টেম্বর বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে-১ ও বিশেষ ট্রাইব্যুনাল-২-এর আদালতে দুই আসামির নাম প্রত্যাহারের পরিবর্তে মামলাটিই প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিচারক কাজী শাহীনা আবেদনটি মঞ্জুর করে গত বছরের ২১ নভেম্বর সেটি নিষ্পত্তির আদেশ দেন।আবদুল মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি অস্বীকার করেন।এ ব্যাপারে বগুড়ার সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে চিঠি পাঠিয়েছিল। পিপি মামলাটিই প্রত্যাহারের আবেদন জানান। এটা আইন সম্মত হয়নি।