পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম ও তাঁর স্ত্রী সুলতানা হাশেমসহ ১০ জনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ অভিযোগ গঠন করে আগামী ৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।অভিযুক্ত অন্য আসামিরা হলেন—তাঁর পাঁচ ছেলে আজিজ আল কায়সার, রুবেল আজিজ, মো. আজিজ আল মাসুদ, মো. শওকত আজিজ, আজিজ আল মাহমুদ ও আশফাক আজিজ এবং পারটেক্সের হিসাবরক্ষণ কর্মকর্তা মোজাম্মেল হক ও মহাব্যবস্থাপক পিয়ার আহমেদ। উল্লেখ্য, রুবেল আজিজ ও আশফাক আজিজ একই ব্যক্তি।অন্যদিকে চার কোটি ৭৬ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে অন্য একটি মামলায় এ এম এ হাশেমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।জানা যায়, ২৩২ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি একই আদালত পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরের দিন তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. জহুরুল হক একজন আইনজীবীর জিম্মায় তাঁদের জামিন মঞ্জুর করেন। মামলায় অভিযোগ করা হয়, এম এ হাসেম ও অন্য আসামিরা ২০০৫-০৮ করবর্ষ পর্যন্ত সম্পদের তথ্য গোপন করে ২৩২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ৯০৯ টাকা কর ফাঁকি দিয়েছেন। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫/১৬৬ ধারায় এ অভিযোগ আনা হয়।