পারভেজ আশরাফের মনোনয়নপত্র বাতিল
আসন্ন সাধারণ নির্বাচনে লড়তে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে করা আপিলের আবেদন খারিজ করেছেন নির্বাচনী ট্রাইব্যুনাল।গতকাল সোমবার দেওয়া নির্বাচনী ট্রাইব্যুনালের এই আদেশ প্রভাবশালী রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জন্য বড় ধরনের আঘাত বলে বিবেচনা করা হচ্ছে। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনের।৭ এপ্রিল পাকিস্তানের নির্বাচনবিষয়ক ট্রাইব্যুনালের রিটার্নিং কর্মকর্তা খালিদ আরশাদ দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের মনোনয়ন বাতিল করেন। রাজা পারভেজ আশরাফের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর আত্মীয় রাজা ইরফান আজিজ অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন-বিষয়ক তহবিল তছরুপ করেছেন। এই অভিযোগের পর পারভেজ আশরাফের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে পারভেজ আশরাফ এ আদেশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন করেন।সাবেক আইনমন্ত্রী ও সিনেটর ফারুক এইচ নায়েক দুই সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনালে রাজা পারভেজ আশরাফের পক্ষে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিলের আবেদনটি উত্থাপন করেন। নায়েক বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তটি সঠিক নয়। রাজা পারভেজ আশরাফ তাঁর নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য বরাদ্দ কোনো তহবিল তছরুপ করেননি বলে তিনি দাবি করেন। নায়েক আরও বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সব ধরনের আইনি ও সাংবিধানিক অধিকার আছে। তিনি বলেন, ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হবে। পাকিস্তানের সর্বোচ্চ আদালত এর আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে পাঁচ বছর বিরত থাকার আদেশ দেন।