পারভেজ মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। গতকাল শনিবার এ মর্মে দেশটির সব আন্তর্জাতিক বিমানবন্দরকে লিখিত নির্দেশ পাঠিয়েছে রাজ্য সরকারের তদন্তকারী সংস্থাগুলো। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।পাকিস্তানের টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত শুক্রবার সিন্ধু হাইকোর্ট আদেশ জারি করে, আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না মোশাররফ। এরই পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।পাকিস্তানের সাবেক এই সেনাশাসক চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে ২৪ মার্চ দেশে ফেরেন। তাঁর বিরুদ্ধে বেনজির ভুট্টোকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা চলছে। দেশে ফেরার আগে তাঁকে বিভিন্ন মামলায় আগাম জামিন দেওয়া হয়েছিল। গত শুক্রবার জামিনের মেয়াদ বাড়িয়ে ২১ দিন করেছেন সিন্ধু হাইকোর্ট।