পারমাণবিক অস্ত্রধারী দেশের স্বীকৃতি চায় উ. কোরিয়া
আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের শর্ত মেনে নেবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া। বরং তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হিসেবে স্বীকৃতি দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির একটি পত্রিকায় আজ মঙ্গলবার প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। উত্তর কোরিয়ার বক্তব্য হলো, যদি দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তবে তা হতে হবে পারমাণবিক অস্ত্রের অধিকারী দুটি রাষ্ট্রের সংলাপ। এতে এক পক্ষ অন্য পক্ষকে পারমাণবিক অস্ত্র ত্যাগে জোরাজুরি করতে পারবে না।কয়েক সপ্তাহ ধরে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। এমনকি পারমাণবিক যুদ্ধেরও হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু সম্প্রতি দেশটি আলোচনার ব্যাপারে নমনীয় মনোভাব দেখাচ্ছে।গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে আলোচনার বসার আগে বেশ কটি শর্তের তালিকা দেয় উত্তর কোরিয়া। এর মধ্যে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও শর্ত দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র বলেছে, আলোচনার আগে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখার সুস্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় আছে ওয়াশিংটন। গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালায়। এতে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।