পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকরণ বিল
পারমাণবিক অস্ত্রের হুমকি, ব্যবহার, উন্নয়ন, দখলে রাখা, পরীক্ষা অথবা হস্তান্তর নিষিদ্ধ করতে বাংলাদেশ পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকরণ বিল-২০১১ সংসদে উত্থাপন করা হয়েছে।আজ বৃহস্পতিবার সংসদের বেসরকারি দিবসে ক্ষমতাসীন দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী এই বিলটি উত্থাপন করেন। পরে বিলটি আরও যাচাইবাছাই করতে বেসরকারি সদস্যদের বিল-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।বিলে বলা হয়, দেশের সব ভূমি, অভ্যন্তরীণ জলাশয়, সমুদ্রসীমা, এক্সক্লুসিভ ইকনোমিক জোন ও আকাশসীমা পরমাণুমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে। পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলের বাইরে অস্ত্রপরীক্ষা, কোনো পারমাণবিক শক্তি-সম্পর্কিত কাজ বা দুর্ঘটনা, পারমাণবিক দ্রব্য ও বর্জ্য ব্যবহারের ফলে মানবস্বাস্থ্য, সম্পদ ও পরিবেশের ক্ষতি সাধিত হলে ভিয়েনা কনভেনশনের আওতায় ক্ষতিপূরণ দাবি করতে পারবে।আন্তর্জাতিক কনভেনশনের বিধিবিধান ছাড়া বাংলাদেশের আকাশসীমায় কোনো বিদেশি সামরিক বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে না বলেও উল্লেখ করা হয় বিলে।বিলে আরও বলা হয়, বাংলাদেশের জলসীমায় আন্তর্জাতিক সমুদ্র আইন ও এ-সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের বিধান ছাড়া কোনো বিদেশি যুদ্ধজাহাজ পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে না। বিলে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করতে ১৪ সদস্যের একটি কর্তৃপক্ষ গঠনের কথাও বলা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ওই কর্তৃপক্ষের সভাপতির দায়িত্ব পালন করবেন।বিলে তিন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো বিধান লঙ্ঘন করেন, তাহলে তিনি অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।বিলের উদ্দেশ্য ও কারণে বলা হয়েছে, প্রকৃতপক্ষে পারমাণবিক অস্ত্রের যত্রতত্র ব্যবহার এবং এর ফলে সৃষ্ট নানাবিধ ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে এ বিল উত্থাপন করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে (ক্ষতিপূরণ) আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি উন্নয়নের লক্ষ্যে নিরস্ত্রীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে উল্লেখ রয়েছে। তা ছাড়া জাতিসংঘ সনদে এবং এ-সম্পর্কিত জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন, উত্পাদন, মজুদকরণ ও তা ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রেজুলেশন গৃহীত হয়েছে। বিলে আরও বলা হয়, পারমাণবিক অস্ত্রের হুমকি, ব্যবহার, উন্নয়ন, দখলে রাখা, পরীক্ষা অথবা হস্তান্তরের মত বিষয়গুলো নিষিদ্ধকরণ এবং পাশাপাশি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলো যাতে তাদের ন্যায্য ক্ষতিপূরণ আদায় করতে পারে সেই লক্ষ্যে আইন করা প্রয়োজন।