পারমাণবিক কর্মসূচি প্রশ্নে আলোচনায় রাজি ইরান
বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় পরাশক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান।জাতিসংঘ তেহরানের ২০ শতাংশ সমৃদ্ধ পরমাণু উত্পাদনের বিষয়টি নিশ্চিত করার এক দিন পর ইরান এ ঘোষণা দিল।তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি বলেন, পারমাণবিক প্রশ্নে নতুন করে আলোচনা শুরু করতে আঙ্কারার প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। এক বছর আগে ইস্তাম্বুলে এক বৈঠকের পর থেকে এ আলোচনা ঝুলে আছে।বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ২০ শতাংশ সমৃদ্ধ পরমাণু উত্পাদনের বিষয়টি পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। তবে উত্পাদিত পরমাণু শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে বলে প্রথম থেকেই দাবি করে আসছে দেশটি।সর্বশেষ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনার পর ইরানের ওপর অনেক ধরনের অবরোধ আরোপ করা হয়।গত মঙ্গলবার তেহরানে গাড়িবোমা হামলায় একজন পরমাণু বিজ্ঞানী নিহত হন। সংবাদ সম্মেলনে লারিজানি বলেন, ‘হামলা চালিয়ে চতুর্থবারের মতো ইরানের বিজ্ঞানীকে হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয় ইসরায়েল কতটা অসহায়। এভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করতে পারবে ভাবলে তারা ভুল করবে। প্রত্যেকে জানে, এ ধরনের হামলা চালিয়ে আমাদের থামিয়ে রাখা যাবে না।’লারিজানি বলেন, তবে ইরান জার্মানিসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনায় বসতে প্রস্তুত।তিনি আরও বলেন, তারা কোনো কূটচাল না চাললে আলোচনা ফলপ্রসূ হতে পারে।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন বলেন, আলোচনায় বসতে গত বছরের অক্টোবরে ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়। আর সেই আমন্ত্রণে ইরানের সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে ইইউ।