পারমাণবিক চুল্লি দ্বিগুণ করেছে ইরান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান তার ফরদো পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা দ্বিগুণ করেছে। এ ছাড়া প্রায় দ্বিগুণ করেছে পারমাণবিক চুল্লির সংখ্যা। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, পারচিন সামরিক স্থাপনা পরিদর্শনে সংস্থাটির অধিকারকে ‘সুস্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে ইরান।২০১০ সাল থেকে ইরান ১৮৯ কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম উত্পাদন করে আসছে। তবে তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই বলে ইরান দাবি করে আসছে।আইএইএ তার প্রতিবেদনে উল্লেখ করে, কোম শহরের পাহাড়ের নিচে ফরদো স্থাপনায় গত মে মাসে চুল্লির সংখ্যা এক হাজার ৬৪টি থেকে বাড়িয়ে দুই হাজার ১৪০টিতে নিয়ে যায়। তবে নতুন চুল্লিগুলোর কাজ এখনো শুরু হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়।ইরানের দাবি, ফরদো স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার লক্ষ্য হচ্ছে তা বেসামারিক কাজে ব্যবহার করা। সে লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সর্বোচ্চ ২০ শতাংশ বাড়ানো হতে পারে। জাতিসংঘের পর্যবেক্ষক দলটি গত মে মাসে স্থাপনাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ২৭ শতাংশ দেখতে পেয়েছে। তবে ইরান বলেছে, তাদের এই হিসাবে কোনো গড়বড় থাকতে পারে। বিশ্লেষকদের মতে, ২৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মানে হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সামর্থ্যের কাছাকাছি পৌঁছে দেওয়া।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা, ইরান সামরিক উদ্দেশ্যে তার এই পরমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি যে পুরোটাই শান্তিপূর্ণ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে—এ নিয়ে আইএইএ তার প্রতিবেদনে সংশয় প্রকাশ করেছে।