পারমাণবিক জ্বালানি দণ্ড তৈরি করেছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু জ্বালানির ধাতব দণ্ড তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা। তাঁদের এই উদ্ভাবন দেশটির পরমাণু সক্ষমতাকে নতুন করে প্রমাণ করল। পশ্চিমা বিজ্ঞানীরা একসময় এই প্রযুক্তি উদ্ভাবনে ইরানের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে ইরান আন্তর্জাতিক বাজার থেকে এই পরমাণু জ্বালানির ধাতব দণ্ড কিনতে ব্যর্থ হওয়ার পরপরই নিজেদের প্রযুক্তি দিয়ে এটি তৈরি করার ঘোষণা দিয়েছিল। এই ধাতব দণ্ড ইউরেনিয়ামের গুলিসমৃদ্ধ যা পরমাণু চুল্লি চালাতে কাজে লাগে। ইরান এ দণ্ড তৈরির পরপরই বিভিন্ন পরমাণু গবেষণাগারের চুল্লিতে তা স্থাপন করে বলে জানিয়েছে। তবে সেগুলোতে এখনই ইউরেনিয়ামের গুলি ঢোকানো হয়েছে কি না, সে ব্যাপারে তারা পরিষ্কার করে কিছু বলেনি।যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দুনিয়া অনেক দিন থেকেই অভিযোগ করে আসছে, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির বিপজ্জনক প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে ইরান বরাবরই তাদের অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান দাবি করে আসছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ ব্যবহারের জন্য তাদের এ পরমাণু কর্মসূচি।এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, উপসাগরীয় উপকূলে ইরানের সামরিক মহড়ার শেষ দিনে গতকাল রোববার দেশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্রটি যেকোনো ধরনের রাডার ফাঁকি দিতে সক্ষম। এদিকে, একই প্রযুক্তিসম্পন্ন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা থাকলেও ইরান এ মহড়ায় তা করেনি। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই ইরান এর পরীক্ষা চালাবে।