পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
উত্তর কোরিয়া আজ মঙ্গলবার একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ায় ভূকম্পন হয়েছে। ভূকম্পনের তিনঘন্টা পর এই পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের দেওয়া তথ্যের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়া দাবি করেছে, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৯। এই মানবসৃষ্ট ভূকম্পন পারমাণবিক পরীক্ষা চালানোর ফলেই হয়েছে। খবর রয়টার্সের।২০০৬ ও ২০০৮ সালের পর এবার তৃতীয়বারের মতো এই পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই কর্মসূচির কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘উসকানিমূলক’ এই পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া কোনভাবেই অধিকতর নিরাপদ হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এশিয়ায় বন্ধু রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র বরাবরের মতো সতর্ক ও অবিচল থাকবে বলেও জানিয়েছেন ওবামা।উত্তর কোরিয়ার এই পারমাণবিক পরীক্ষার প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ। এর মহাসচিব বান কি মুন বলেন, তারা যদি আরও এগিয়ে যেতে যায়, তাহলে পরিণতি ভালো হবে না।উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থল হিসেবে পরিচিত একটি স্থানকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে শনাক্ত করা হয়েছে। এর উত্পত্তি ছিল ভূমি থেকে মাত্র এক কিলোমিটার গভীরে।আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা পর্যবেক্ষণকারী একটি সংস্থার তথ্যমতে, এর আগে ২০০৬ ও ২০০৮ সালে উত্তর কোরিয়ার চালানো পারমাণবিক পরীক্ষায় যে ধরনের ভূকম্পন হয়েছিল, এবারের এই ভূকম্পনের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে। বিবিসি অনলাইন ও রয়টার্স।