পারমাণবিক পরীক্ষার ঘোষণা উ. কোরিয়ার
যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে রকেট ও পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ সামরিক কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে বলে বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।এর আগে ২০০৬ ও ২০০৯ সালে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়।গত বছরের ডিসেম্বরে উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে মহাকাশে রকেট উেক্ষপণ করে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি নিন্দা ও নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হয়। এর এক দিন পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ সামরিক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে রকেট ও পারমাণবিক পরীক্ষার ঘোষণা দিল। উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের বরাত দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘এ বিষয়টি আড়াল করছি না যে, আমরা বিভিন্ন ধরনের ভূ-উপগ্রহ ও দূরপাল্লার রকেট নিক্ষেপ করব এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে উচ্চমাত্রার পারমাণবিক পরীক্ষা চালাব।’তবে কবে নাগাদ রকেট নিক্ষেপ ও পারমাণবিক পরীক্ষা চালানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমার কথা জানায়নি পিয়ংইয়ং।এ ধরনের পরীক্ষা থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। উত্তর কোরিয়া-বিষয়ক শীর্ষ মার্কিন দূত গ্লেন ডেভিস বলেছে, ‘আমরা আশা করি, তারা এটি করবে না। আমরা তাদের প্রতি এটি না করার আহ্বান জানাচ্ছি। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর সময় এখন নয়।’