পারমাণবিক পরীক্ষার সমর্থনে হাজারো উত্তর কোরীয়র উল্লাস
উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষার সমর্থনে আজ বৃহস্পতিবার হাজার হাজার উত্তর কোরীয় তুষার ঢাকা পিয়ংইয়ং চত্বরে সভা-সমাবেশ করেছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ‘দ্য গার্ডিয়ান’ জানায়, আজকের সমাবেশে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না। সমাবেশে দলটির সাধারণ সম্পাদক কিউ কি নাম জনতার উদ্দেশে বলেন, উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সহিংস নীতির পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার জন্য গত মঙ্গলবার তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র বলছে, পরীক্ষা চালানোর মধ্য দিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের ধারণা, এসব পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক বোমা বানাতে চাইছে। দেশটি গত বছরের ডিসেম্বরে দূরপাল্লার রকেটের সাহায্য মহাকাশে একটি উপগ্রহ স্থাপন করে। এর মধ্য দিয়ে দেশটি একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ ও যুক্তরাজ্য। এরপর জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরও কঠোর করেছে। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।