পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে তেজস্ক্রিয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও ভূমিকম্প-সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এক হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভীষিকার ঘোর কেটে গতকাল সকালে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনের কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে থাকে ধ্বংসলীলার প্রকৃত চিত্র। এরপর মানুষ চেষ্টা করছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। শুরু হয়েছে উদ্ধার-তৎ পরতা। কিন্তু এর মধ্যেই আরেক ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কার সৃষ্টি হয়েছে। ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর একটিতে গতকাল বড় ধরনের বিস্ফোরণ ঘটে। কর্মকর্তারা জানান, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।উত্তর-পূর্ব উপকূলের ফুকুশিমাতে অবস্থিত ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিস্ফোরণে আহত হন ওই কেন্দ্রের কয়েকজন শ্রমিক।কর্মকর্তারা জানান, ফুকুশিমা-১ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতে। এ জন্য সেখানে জরুরি অবস্থা জারি করে আশপাশের ১০ কিলোমিটারের মধ্য থেকে প্রায় ৫১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই।দেশটির এনএইচকে টেলিভিশন গতকাল জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে। ভূমিকম্পে ওই বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লির ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।টেলিভিশনের খবরে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকার মানুষ যারা ঘরবাড়িতে রয়ে গেছে, তাদের ঘরের দরজা বন্ধ করে রাখতে বলা হয়েছে। নিতান্ত প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে ভেজা কাপড়ে শরীর ও মুখ ঢেকে রাখতে বলা হয়েছে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বন্ধ রাখতে এবং ট্যাপের পানি পান না করার পরামর্শ দেওয়া হয়েছে।পরমাণু নিরাপত্তা কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা কিয়োডো জানায়, বিদ্যুৎ কেন্দ্রের বাইরের এলাকায় তেজস্ক্রিয়তা ধরা পড়েছে। সেখানে সাধারণ অবস্থার চেয়ে তেজস্ক্রিয়তা ২০ গুণ বেড়ে গেছে। এনএইচকে টেলিভিশন জানায়, কেন্দ্রের ইউরেনিয়ামের আধার সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ছাড়া ফুকুশিমা-২ বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের লোকজনকেও সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ওই কেন্দ্রের শীতলীকরণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রধানমন্ত্রী নাওতো কান হেলিকপ্টারে করে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকা পরিদর্শন শেষে উভয় কেন্দ্রের আশপাশে জরুরি অবস্থা ঘোষণার নির্দেশ দেন। পরমাণু বিশেষজ্ঞরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন।শুক্রবারের ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির ধ্বংসযজ্ঞের বড় আঘাতটা গেছে উত্তর-পূর্ব উপকূলের সান্দেই এলাকার ওপর দিয়ে। সেখানে প্রায় ১০ লাখ মানুষের বাস। ভূমিকম্পের চেয়ে বড় ক্ষতিটা সেখানে হয় সুনামিতে। দ্বৈতাকৃতির বিশাল ঢেউয়ে ধুয়ে যায় উপকূল রেখা থেকে ভেতরে ১০ কিলোমিটার পর্যন্ত জনপদ। ওই এলাকার একটি সৈকতে গতকাল ২০০ থেকে ৩০০ লাশ পেয়েছে পুুলিশ। তারা বলছে, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি।হেলিকপ্টার থেকে তোলা ভিডিওচিত্রে দেখা যায়, পুরো সেন্দাই এলাকার বাড়িঘর ও কিছু কিছু ট্রেন বাচ্চাদের খেলার পুতুলের মতো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সেখানকার এক বাসিন্দা কুমি ওনোদেরা জানান, শনিবার সকাল হওয়ার পর তাঁর মনে হয়েছে, গত রাতটা তাঁর কেটেছে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে তৈরি কোনো চলচ্চিত্রের দৃশ্যের মতো। সেন্দাইয়ের ট্রাকচালক কোইচি তাকাইরিন দেখেছেন ধ্বংসের শক্তি। সুনামি যখন আসে তখন তিনি ছিলেন রাস্তার ওপর তাঁর চার টন মালভর্তি ট্রাকেই। তিনি বলেন, ‘মনে হলো ঝড়ের বেগেই ধেয়ে এল বিশাল ঢেউ। আশপাশের ছোট-হালকা গাড়িগুলো ভেসে গেল ঢেউয়ের মুখে। আমি ট্রাকের ওপর বসে রইলাম আঁকড়ে ধরে। এ ছাড়া আর কিইবা করতে পারতাম। বেঁচে গেছি ট্রাকটা ভর্তি ছিল বলে।’সেন্দাইয়ের আশপাশের প্রায় ২০০ কিলোমিটার উপকূলজুড়ে বিস্তীর্ণ জনপদ, রাস্তাঘাট ধুয়ে গেছে সনামিতে, ভূমিকম্পে দুমড়েমুচড়ে গেছে বড় বড় ভবন। সেন্দাইয়ের ওয়াকাবায়াসি জেলার পুরোটাই পরিণত হয়েছে ঘোলা পানি আর কাদার জলাভূমিতে। বেশির ভাগ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। সেন্দাইর কিছুটা দূরের মিতো শহর গতকাল ডুবে ছিল কয়েক ফুট পানির নিচে। উদ্ধারকর্মীরা উদ্ধার করে নিয়ে আসবেন সেই অপক্ষোয় ছাদের ওপর দাঁড়িয়ে ছিল অনেক মানুষ। এর মধ্যেই একটি সুপার মার্কেট গতকাল খোলা দেখা যায়, যদিও সেটি দুমড়েমুচড়ে গেছে ভূমিকম্প-সুনামিতে। তার সামনেই লাইন দিয়ে দাঁড়িয়ে খাবার পানীয় সংগ্রহ করে শত শত মানুষ।সেন্দাই থেকে ৯০ কিলোমিটার দক্ষিণের শহর মিনামিসোমা। গতকাল সেখানে দেখা যায়, অনেক ভবন ভিত্তির সঙ্গে মিশে গেছে। রাস্তাঘাটে কোনো মানুষ দেখা যায়নি, যদিও সেখানে প্রায় ৭০ হাজার মানুষের বাস।প্রধানমন্ত্রী নাওতো কান জানান, উদ্ধারকাজের জন্য প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ধার-তৎ পরতায় অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে প্রায় ৩০০ বিমান এবং ৪০টি জাহাজ। তবে ভূমিকম্পের পর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত অনেক এলাকায় পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা।