লক্ষ্য, এপ্রিলে চূড়ান্ত চুক্তি
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করতে ঢাকায় রুশ প্রতিনিধিদল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রুশ সরকারের একটি প্রতিনিধিদল এখন ঢাকায়। দলটি গতকাল দুপুর ১২টায় পৌঁছানোর পর সচিবালয়ে উভয় পক্ষের মধ্যে কিছু আলোচনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই দলের ঢাকায় অবস্থানকালে বিদ্যুৎকেন্দ্রটি নিয়ে একটি চুক্তি অনুস্বাক্ষর হতে পারে। আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের সময় স্বাক্ষরিত হবে চূড়ান্ত চুক্তি।দেশের দীর্ঘদিনের বিদ্যুৎ ও জ্বালানির সংকট নিরসনে উচ্চক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বড় ধরনের অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।এখন পর্যন্ত সরকারের পরিকল্পনা হচ্ছে, চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করে ২০১২ সালে ‘গ্রাউন্ড ব্রেকিং’ বা ভিত্তি স্থাপন এবং ২০১৭-১৮ সালে এক হাজার মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা। এরপর একই স্থানে, একই ক্ষমতার আরেকটি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তও সরকার চূড়ান্ত করেছে। দীর্ঘ মেয়াদে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ পর্যন্ত পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদনের চিন্তাও আছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।প্রক্রিয়া: কয়েকটি অভিজ্ঞ সূত্র জানায়, দুই দেশের সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে। এগুলো হচ্ছে সব ধরনের যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন ও জ্বালানিবিষয়ক। এই চুক্তিগুলো প্রণয়ন ও স্বাক্ষরের প্রস্তুতি ও প্রক্রিয়ায় প্রায় দেড় বছর সময় লাগবে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের জন্য নির্ধারিত জায়গার নিরাপত্তা বিশ্লেষণ করে প্রণীত একটি প্রতিবেদন নিউক্লিয়ার সেফটি অ্যান্ড রেডিয়েশন কন্ট্রোল অর্গানাইজেশনকে দিয়ে অনুমোদন করাতে হবে।এসব শেষে বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপনের কাজ (গ্রাউন্ড ব্রেকিং) শুরু করার পর থেকে সাধারণভাবে ৬৬ মাস বা সাড়ে পাঁচ বছর সময় লাগে নির্মাণের জন্য।অর্থায়ন: এক হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অন্তত দেড় শ কোটি মার্কিন ডলার বা এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে হবে। এই অর্থ সংস্থানের জন্য রাশিয়ার কাছে সহায়তা চাওয়া হচ্ছে। এই সহায়তা হতে পারে সরবরাহ ঋণ। তবে এর বাইরেও বাংলাদেশ সরকার কিছুটা হলেও পণ্য বিনিময়ের (বার্টার ডিল) প্রস্তাব দেবে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশের স্বাধীনতার পর রাশিয়ার সঙ্গে পণ্য বিনিময়ের মাধ্যমে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রসহ অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এখন পণ্য বিনিময় চুক্তি বিশ্বে অচল হলেও এ পর্যন্ত দুই পক্ষের আলোচনায় মুক্তিযুদ্ধকালে গড়ে ওঠা সখ্য ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করা হয়েছে। এর ভিত্তিতে বাংলাদেশ পক্ষ আশা করছে, রাশিয়া সীমিত পরিসরে হলেও পণ্য বিনিময়ের প্রস্তাব মানতে পারে। কারিগরি সতর্কতা: ২০০৯ সালে বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের ১৩% থেকে ১৪% এসেছে পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয়তা, নিরাপত্তা-ব্যবস্থাপনা ও পরিবেশগত প্রভাবের বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে পরস্পরবিরোধী মতামত আছে। বিপর্যয়কর দুর্ঘটনার আশঙ্কা ছাড়াও (যদিও তা বিরল) বর্জ্য-ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে ভয়াবহ ধরনের বর্জ্য ‘স্পেন্ট ফুয়েল’ সাধারণত ৩০ বছর সংরক্ষণ করতে হয়। এই বর্জ্য নিরাপদে সংরক্ষণ করার প্রযুক্তি এখন সহজলভ্য। তবে তা বিপুল ব্যয়সাপেক্ষ। এ কারণে রাশিয়া ২৫ বছর পর্যন্ত ‘স্পেন্ট ফুয়েল’ নিয়ে যেতে রাজি হয়েছে বলে জানা গেছে।