বিদ্যুৎ ২০১২ সালে কাজ শুরু করে উৎপাদনের পরিকল্পনা ২০১৭-১৮ সালে
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এখনো অনেক দূর
বিদ্যুৎ ও জ্বালানির দীর্ঘমেয়াদি সংকট নিরসনে সরকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, তার বাস্তবায়ন এখনো অনেক দূরের বিষয়। এখন পর্যন্ত সরকারের পরিকল্পনা হচ্ছে আনুষঙ্গিক সব প্রস্তুতি গ্রহণ ও চুক্তি সম্পাদন করে ২০১২ সালে ভিত্তি স্থাপনের কাজ (গ্রাউন্ড ব্রেকিং) শুরু এবং ২০১৭-১৮ সালে প্রথম কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা।তবে রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রথমে এক হাজার মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র করা হবে। পরে একই স্থানে একই ক্ষমতার আরেকটি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তও সরকার নিয়েছে। দীর্ঘ মেয়াদে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ পর্যন্ত ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার চিন্তাও সরকারের আছে। কিন্তু আপাতত সরকারের সব উদ্যোগই প্রথম কেন্দ্রটি স্থাপনের প্রক্রিয়ার মধ্যে সীমিত।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, সমঝোতা স্মারক ও ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের মধ্যে একাধিক প্রতিনিধিদলের পারস্পরিক সফর হয়েছে। আগামী বছরের প্রথমার্ধে দুই দেশের সরকারের শীর্ষপর্যায়ে (জিটুজি) চুক্তি সই হবে। এখন এই চুক্তির খসড়া নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। প্রক্রিয়া: সরকারি-বেসরকারি সূত্র জানায়, দুই দেশের সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হবে। এগুলো হচ্ছে সব ধরনের যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন ও জ্বালানিবিষয়ক। এই চুক্তিগুলো প্রণয়ন ও স্বাক্ষরের প্রস্তুতি-প্রক্রিয়ায় প্রায় দেড় বছর সময় লাগবে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের জন্য নির্ধারিত জায়গার নিরাপত্তা বিশ্লেষণ করে প্রণীত একটি প্রতিবেদন (সেফটি অ্যানালাইসিস রিপোর্ট) নিউক্লিয়ার সেফটি অ্যান্ড রেডিয়েশন কন্ট্রোল অর্গানাইজেশনকে দিয়ে অনুমোদন করাতে হবে। এসব শেষে ভিত্তি স্থাপনের কাজ (গ্রাউন্ড ব্রেকিং) শুরু করার পর বিদ্যুৎকেন্দ্রের পুরো নির্মাণকাজে সাধারণভাবে ৬৬ মাস বা সাড়ে পাঁচ বছর সময় লাগবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্ধারিত মান আছে (ইন্টারন্যাশনাল কোর্স গাইড অ্যান্ড স্ট্যান্ডার্ড)। এই মান অনুসরণ করতেই হবে।অর্থায়ন: এক হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অন্তত দেড় শ কোটি (দেড় বিলিয়ন) মার্কিন ডলার বা ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থ সংস্থানের বিষয়ে সরকারের ভাবনা কী জানতে চাইলে প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, রাশিয়ার কাছেই সহায়তা চাওয়া হচ্ছে। এই সহায়তা হতে পারে সরবরাহ ঋণ। তবে এর বাইরেও সরকার কিছুটা হলেও পণ্য বিনিময়ের (বার্টার ডিল) প্রস্তাব দেবে।সংশ্লিষ্ট অন্যান্য সূত্র জানায়, বাংলাদেশের স্বাধীনতার পর রাশিয়ার সঙ্গে পণ্য বিনিময়ের মাধ্যমে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। দেশের সবচেয়ে বড় ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র এর বড় উদাহরণ। কিন্তু এখন পণ্য বিনিময় চুক্তি পৃথিবীতে অচল। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যাপারে সরকারের সঙ্গে এখন পর্যন্ত রাশিয়ার যে আলোচনা হয়েছে, সে অনুযায়ী তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা দুই দেশের মধ্যকার সখ্যের সম্পর্কে ফিরে যেতে চায়। তাই বাংলাদেশ বার্টার ডিলের অনুরোধ করলে হয়তো সীমিত পরিসরে হলেও রাশিয়া তা মানতে পারে। জ্বালানি ও বর্জ্য: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তিন ধরনের বর্জ্য হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বর্জ্য হচ্ছে ‘স্পন্ট ফুয়েল’। সাধারণত ৩০ বছর এই বর্জ্য সংরক্ষণ করতে হয়। তারপর এর ক্ষতিকর প্রভাব বা তেজস্ক্রিয়তা কমে। এই বর্জ্য নিরাপদে সংরক্ষণ করার প্রযুক্তি এখন সহজলভ্য। তবে তা বিপুল ব্যয়সাপেক্ষ।এই বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। ২৫ বছর পর্যন্ত ‘স্পেন্ট ফুয়েল’ নিয়ে যেতে রাশিয়া রাজি হয়েছে। তিনি বলেন, ‘২৫ বছর পরে হয়তো এই বর্জ্য আমরাও কাজে লাগানোর মতো সক্ষমতা অর্জন করতে পারব। ২৫ বছর এই বর্জ্য সংরক্ষণের পর প্রক্রিয়াকরণ করে এর একাংশ পুনরায় ব্যবহারের উপযোগী করা যায়। রাশিয়ার কাছে সেই প্রযুক্তি আছে বলেই তারা এটা নিয়ে কাজে লাগাতে পারবে।’সরকারি-বেসরকারি বিশেষজ্ঞরা বলেন, অন্যান্য বর্জ্য তেমন মারাত্মক নয় এবং তা ব্যবস্থাপনার প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রেই থাকবে। আর অনেকে যে তেজস্ক্রিয়তায় ভয় পান, সেটা অনেকটা অকারণ। কেননা একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্যাম্পাসে বসবাস করলে একজন মানুষের শরীরে যেটুকু তেজস্ক্রিয়তা ঢুকবে, একটি টেলিভিশন সেটের সামনে বসলেও তার সমান তেজস্ক্রিয়তাই ঢুকবে। অর্থাৎ, তা মানুষের বা অন্য কোনো প্রাণীর জন্য অসহনীয় কিংবা ক্ষতিকর নয়।তবে দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি একেবারেই আলাদা হয়ে যায়। কিন্তু বর্তমানে যে প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, তাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা এক বিরল বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে পৃথিবীতে বিভিন্ন আকারের ৪৪৯টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে। নির্মাণাধীন আছে আরও প্রায় ৩০টি। সর্বত্র অত্যাধুনিক ‘প্যাসিভ সেফটি সিস্টেম’ অনুসরণ করা বাধ্যতামূলক। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে প্রবাদের মতো অনুসৃত একটি কথা হলো, ‘ইকোনমিকস ইজ সেকেন্ডারি, সেফটি ফার্স্ট।’সম্ভাব্য কিছু সমস্যা: দেশের কয়েকজন বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সার্বিক আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞের মতো। এ কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দরকার একটি সুচারু পরিকল্পনা। এ পরিকল্পনার প্রথমেই ভাবতে হবে বিদ্যুৎকেন্দ্রের আকার নিয়ে। সাধারণভাবে কোনো দেশের মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার ১০ শতাংশের বেশি ক্ষমতা কোনো একটি কেন্দ্রের থাকা উচিত নয়। কাজেই দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা নির্ধারণ করতে হবে।দ্বিতীয়টি হলো, এই কেন্দ্রের যন্ত্রপাতি পরিবহন। এক হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টারবাইনের রোটরের ওজন প্রায় ৬০০ মেট্রিক টন। এটি দেশে আনতে হবে বার্জে করে। সেই বার্জ আনার জন্য নদীতে পানির যে গভীরতা দরকার, বর্ষাকাল ছাড়া তা অধিকাংশ নদীতেই থাকে না। সেই হিসাব করে এগুলো আনার সময় নির্ধারণ করতে হবে। কোনোভাবে একটি বর্ষাকাল চলে গেলে এক বছর পিছিয়ে যাবে প্রকল্পের কাজ।এক হাজার মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য প্রায় ৭০ মেগাওয়াট বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। এক মুহূর্তের জন্যও এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারবে না। কাজেই সেভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পানি হচ্ছে আরেকটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। রূপপুর পদ্মার তীরে হলেও শীতকালে নদী শুকিয়ে যায়। ফলে সারা বছর একই জায়গায়, একই উচ্চতায় পানি পাওয়া যায় না। এ সমস্যার সমাধান কীভাবে করা হবে, তার স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শীতকালে রূপপুরসংলগ্ন পদ্মার যেখানে চর জাগে, সেখানে একটি বৃহদাকার হ্রদ বা লেগুন তৈরি করে সারা বছরের জন্য পানির একই রকম প্রাপ্যতা নিশ্চিত করা হবে। রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল সরেজমিন ঘুরে দেখে এটা অনুমোদন করেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা, যিনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে উচ্চতর গবেষণা করেছেন, সি এস করিম প্রথম আলোকে বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ছাড়া আমাদের গত্যন্তর নেই। তবে তা করতে হবে সব দিক ভালো করে ভেবেচিন্তে। এখন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। ‘ইন্টারন্যাশনাল কোর্স গাইড অ্যান্ড স্ট্যান্ডার্ড’ অনুসরণ করেই তা করা হয়। ফলে দুর্ঘটনার আশঙ্কা একেবারেই কমে গেছে। বর্জ-ব্যবস্থাপনারও উন্নত প্রযুক্তি এখন সহজলভ্য।