পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তির প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশন সরকারের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেসসচিব বলেন, বৈঠকে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণকেন্দ্রকে পল্লী উন্নয়ন একাডেমিতে রূপান্তর করা হচ্ছে। এ জন্য এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।আবুল কালাম আজাদ জানান, বৈঠকে প্রবাসীকল্যাণমন্ত্রীর সাম্প্রতিক কাতার ও মরিশাস সফর, পররাষ্ট্রমন্ত্রীর কলকাতা ও নৌপরিবহনমন্ত্রীর শ্রীলঙ্কা সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। এ ছাড়া কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারঅর্দিনেস প্রোগ্রাম-সাউথ এশিয়া (কসক্যাপ-এসএ) চেয়ারম্যান পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্বাচন এবং সংস্থাটির সদর দপ্তর ঢাকায় স্থানান্তর করার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।