পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা থেকে পেছাবে না সরকার
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা থেকে সরকার পেছাবে না। রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে দুটি ইউনিটে মোট দুই হাজার মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র স্থাপিত হবে। মন্ত্রিসভার গত সোমবারের বৈঠকে এ ব্যাপারে একমত পোষণ করা হয়েছে।সূত্র জানায়, আগামী বছরের শেষভাগে এই বিদ্যুৎকেন্দ্রের বাস্তব কাজ (গ্রাউন্ড ব্রেকিং) শুরু করে ২০১৭-১৮ সালে প্রথম ইউনিট থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের চার সদস্যের একটি পেশাজীবী দল রাশিয়ায় আছে। রাশিয়ার একটি প্রতিনিধিদল আছে বাংলাদেশে। বিশেষজ্ঞ ও পেশাজীবীদের এই পারস্পরিক সফর এবং প্রস্তুতি অব্যাহতভাবে চলছে।প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামিতে জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর বিভিন্ন দেশে নতুন করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়। এ দেশেও তার প্রভাব পড়ে। এরপর বিষয়টি নিয়ে দেশে-বিদেশে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সরকার আলোচনা করে।সর্বশেষ গত ২০ থেকে ২৪ জুন জেনেভায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনেও বিস্তারিত আলোচনা হয়। সেখানেও সর্বাধুনিক প্রযুক্তিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে কোনো দেশ বা ব্যক্তি দ্বিমত করেনি। এসব বিষয় সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, জেনেভা সম্মেলনের আলোচনা ও সিদ্ধান্ত অবহিত করতে তিনি তা মন্ত্রিসভার গত বৈঠকে উপস্থাপন করেন। মন্ত্রিসভা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে একমত পোষণ করে। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যে সমঝোতা-স্মারক ও ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছে, তাতে রাশিয়ার প্রেসিডেন্ট অনুমোদন দিয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের প্রক্রিয়া চলছে। আগামী মাসের শুরুর দিকে তা সম্পন্ন হতে পারে। এরপর চলতি বছরেই দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ে (জি টু জি) চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।নিরাপত্তা প্রসঙ্গ: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়ে জেনেভা সম্মেলনের আলোচনা ও সরকারের ভাবনার বিষয়ে জানতে চাইলে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যে প্রযুক্তি, তাতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। এখনকার প্রযুক্তিতে স্থাপিত কেন্দ্রের সার্বিক নিরাপত্তা স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত হয়। সামান্য ব্যত্যয় হলেও কেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।জাপানের বিপর্যয়কে জেনেভা সম্মেলনে একটি দুর্ঘটনা হিসেবেই দেখা হয়েছে। এই দুর্ঘটনা সামলাতে বিশেষ দক্ষতা দেখানোয় জাপানের অকুণ্ঠ প্রশংসা করা হয়। বর্তমান প্রযুক্তিতে নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ রকম দুর্ঘটনা ঘটা আর সম্ভব নয়। তাই নতুন করে যারা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে, তারা নির্ভয়ে এগিয়ে যেতে পারে বলেও সম্মেলনে উপস্থিত সব বিশেষজ্ঞ একমত হয়েছেন।ভারতে ৬০ হাজার মেগাওয়াট: জানা যায়, ভারতে ২০৩০ সালের মধ্যে মোট ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তে সাতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে।এ প্রসঙ্গে ইয়াফেস ওসমান বলেন, বাংলাদেশের তিন দিকেই ভারত। ভারত যদি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে, তাহলে সেখানকার কোনো দুর্ঘটনার কারণেও তো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ রকম অবস্থায় বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করবে না কেন?জ্বালানি ও বর্জ্য: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তিন ধরনের বর্জ্য হয়। এর মধ্যে ভয়াবহ বর্জ্য হচ্ছে ‘স্পেন্ট ফুয়েল’। সাধারণত ৩০ বছর এই বর্জ্য সংরক্ষণ করতে হয়। তারপর এর ক্ষতিকর প্রভাব বা তেজস্ক্রিয়তা কমে। এই বর্জ্য নিরাপদে সংরক্ষণের প্রযুক্তি এখন সহজলভ্য হলেও বিপুল ব্যয়সাপেক্ষ। রাশিয়া ২৫ বছর পর্যন্ত এই ‘স্পেন্ট ফুয়েল’ নিয়ে যেতে রাজি হয়েছে। এরপর হয়তো এই বর্জ্য কাজে লাগানোর সক্ষমতা বাংলাদেশও অর্জন করতে পারে।বিশেষজ্ঞরা বলেন, অন্যান্য বর্জ্য তেমন মারাত্মক নয় এবং তা ব্যবস্থাপনার প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রেই থাকবে। অনেকে যে তেজস্ক্রিয়তা নিয়ে ভয় পান, সেটা অনেকটা অকারণ। কেননা, একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাঙ্গণে বসবাস করলে একজন মানুষের শরীরে যেটুকু তেজস্ত্রিয়তা ঢুকবে, টেলিভিশন সেটের সামনে বসলেও তার সমান তেজস্ক্রিয়তাই ঢুকবে। অর্থাৎ তা মানুষের বা অন্য কোনো প্রাণীর জন্য অসহনীয় কিংবা ক্ষতিকর নয়।জানা যায়, বর্তমানে বিশ্বে বিভিন্ন আকারের ৪৪৯টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে। নির্মাণাধীন রয়েছে প্রায় ৩০টি। সর্বত্র অত্যাধুনিক ‘প্যাসিভ সেফটি সিস্টেম’ অনুসরণ করা বাধ্যতামূলক। বর্তমানে অধিকাংশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রি-অ্যাকটর হচ্ছে ‘প্রেসারাইজড ওয়াটার রি-অ্যাকটর’। বাংলাদেশেও এই পদ্ধতিই ব্যবহার করা হবে। এর নিরাপত্তাব্যবস্থা সর্বোত্তম।প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তার বিষয় দেখার জন্য তো আইএইএ (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন) সব সময় প্রস্তুত আছে। যে দেশেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হোক না কেন, তার শুরু থেকে নিরাপত্তার দিকটি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে আইএইএ।