পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঝুঁকির কথাও বিবেচনায় রাখা প্রয়োজন
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপানের মতো উন্নত দেশ এখন বিদ্যুতের জন্য পারমাণবিক স্থাপনা নির্মাণকে একটি সমস্যা হিসেবে দেখছে। তাই বাংলাদেশে এ ধরনের স্থাপনা তৈরির আগে আন্তর্জাতিক প্রেক্ষিত, প্রাপ্যতা এবং ঝুঁকির কথা বিশেষ বিবেচনায় রাখতে হবে।আজ শুক্রবার রাজধানীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা আয়োজিত ‘বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। তাঁরা দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির আগে গবেষণা করা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ পড়েন ম. ইনামুল হক। বাপার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।সভাপতির বক্তব্যে বাপার সভাপতি মোজাফফর আহমদ বলেন, ‘জ্বালানি শক্তির দরকার, কিন্তু তা মেটানোর জন্য পারমাণবিক কোনো স্থাপনা নির্মাণ করতে চাইলে অনেক বিষয়ে বিষয়ভিত্তিক জরিপ বা মূল্যায়ন করা প্রয়োজন। এ বিষয়ে পর্যাপ্ত গবেষণা হওয়া এবং বিষয়টি জ্বালানি নীতিতেও সমন্বয় করা প্রয়োজন।’বাপার সাধারণ সম্পাদক ও আণবিক শক্তি গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন বলেন, জাপান, জার্মানির কাছে উন্নত প্রযুক্তি থাকার পরও তারা নতুন কোনো পারমাণবিক কেন্দ্র স্থাপন না করার ঘোষণা দিয়েছে। অথচ বাংলাদেশের উন্নত প্রযুক্তি ও দক্ষ জনশক্তি না থাকার পরও এ ধরনের কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে।সভায় অন্যান্যের মধ্যে বাপার সহসভাপতি খন্দকার বজলুল হক, বুয়েটের শিক্ষক ইজাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কিউ এম মাহবুব, শেখ হাফিজুর রহমান, ফিজিশিয়ানস ফর সোশ্যাল রেসপনসিবিলিটির সাধারণ সম্পাদক এ কে এম সালেক বক্তব্য দেন।