পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে হাজারো জাপানির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে কয়েক হাজার জাপানি আজ শনিবার দেশটির রাজধানী টোকিওর এক নগর-উদ্যানে বিক্ষোভ সমাবেশ করেছে। ‘দ্য ডন’-এর খবরে বলা হয়, দেশজুড়ে বিভিন্ন স্থানে স্থাপিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা তাদের সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করে। বছর দুয়েক আগে প্রলয়ংকরী সুনামি ও ভূমিকম্পের কারণে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ফাটল তৈরি হয় এবং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়।আসছে ১১ মার্চ ওই সুনামির দুই বছর পূর্ণ হবে। দুর্যোগটি স্মরণ করে বিক্ষোভকারীরা আজকের সমাবেশের আয়োজন করেছে। সুনামির কারণে ফুকুশিমার দাইচি বিদ্যুৎকেন্দ্র কয়েক দফা তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ হয়। ঘটনাটিকে চেরনোবিল দুর্ঘটনার পর সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। আজকের সমাবেশে বক্তারা বলেন, ওই দুর্ঘটনার স্মৃতি তাঁরা কখনো হারাবেন না। সুনামির পর বন্ধ করে দেওয়া পারমাণবিক বিদ্যুৎকেদ্রগুলো চালু করতে সরকার যে রকম তৎপরতা শুরু করেছে, তাতে গভীর শঙ্কা প্রকাশ করেছে বিক্ষোভকারীরা।সমাবেশস্থলে কাঁধে ঢোল ঝুলিয়ে স্লোগান দিচ্ছিলেন ৪৭ বছর বয়সী আকিহিতো নাকাতা। একসময় তিনি একটি নির্মাণ প্রতিষ্ঠানের মালিক ছিলেন। আকিহিতো গণমাধ্যমকে বলেন, ‘আমি ভবিষ্যত্ দেখছি না। নিজেকে হতাশ মনে হচ্ছে। এখন যদি চুপ মেরে যাই, তাহলে (দেশের) ভবিষ্যত্ এখানেই শেষ হয়ে যাবে। এসব দেখার চেয়ে লড়াই করে মরে যাওয়া ভালো।’দুর্যোগের পর জাপানের ৫০টি পারমাণবিক চুল্লির মাত্র দুটি চালু করতে পেরেছে সরকার। মূলত জনমতের চাপেই সরকার বাকি চুল্লিগুলো চালু করতে পারছে না। তবে বিভিন্ন কোম্পানির চাপ আছে সরকারের ওপর। ভিয়েতনাম যুদ্ধের পর এবারই জাপানজুড়ে এত বড় ও ধারাবাহিক আন্দোলন চলছে। প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিন হাজার হাজার মানুষ টোকিওর উদ্যানগুলোতে ও পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এবারের আন্দোলনে গৃহিণী ও ছোট চাকরি করেন এমন পেশাজীবীরা অংশ নিচ্ছেন যাঁদের আগে কখনো কোনো রাজনৈতিক আন্দোলনে দেখা যায়নি। আজকের বিক্ষোভে কমপক্ষে ১৩ হাজার মানুষ অংশ নিয়েছে বলে দাবি করেছেন সংগঠকেরা।নোবেলজয়ী লেখক কেনজাবুরো অই সমাবেশে বলেন, ‘আমি সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাই এ কারণে যে আমি আবার হিরোশিমা, নাগাসাকি বা ফুকুশিমার ধ্বংসযজ্ঞ দেখতে চাই না।’গয়না বিক্রেতা কাজুকো নিহেই (৩৬) বলেন, ‘সরকার যখন পুনর্গঠনের কথা বলে, তখন তারা কেবল কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। যখন আমরা পুনর্গঠনের কথা বলি, তখন আমাদের সন্তানদের কথা ভাবি।’আগামীকাল রোববার টোকিওতে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। দুই বছর আগের দুর্যোগে দেড় লাখেরও বেশি মানুষ চুল্লির আশপাশের শহরগুলো থেকে বিতাড়িত হয়। সেগুলো এখনো মানুষের বসবাসের অনুপযোগী। পারমাণবিক দূষণের শিকার ব্যক্তিরা ক্যানসারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে, রোগের প্রকোপ আরও বাড়বে।গত বছর প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন রক্ষণশীল দল ক্ষমতায় বসে। এ দলটি মনে করে, জাপানের আধুনিকায়নের একান্ত অনুষঙ্গ এসব পারমাণবিক চুল্লি। শিনজো আবে কেবল পুরোনো চুল্লি চালু করতে চান এমন নয়, তিনি নতুন চুল্লি তৈরির জন্য উদ্যোগও নিতে আগ্রহী।