পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে যাচ্ছে ইরান: রুশ প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। মস্কো এই প্রথমবারের মতো প্রকাশ্যে ঘোষণা করল যে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।ইরানের সঙ্গে দৃঢ় অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে রাশিয়ার, যে তেহরানের দীর্ঘকালীন মিত্র। কিন্তু মস্কো সম্প্রতি তেহরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং গত মাসে ইরানের ওপর জাতিসংঘের চতুর্থ বারের মতো অবরোধ আরোপের প্রতি সমর্থন জানায়। মস্কোতে রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে মেদভেদেভ বলেন, ‘ইরান এমন সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তাত্ত্বিকভাবে যা ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।’যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শক্তিধর দেশগুলো সন্দেহ করে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান বলছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।গত ১০ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও অস্ত্র ক্রয়ের ওপর নিষেধাজ্ঞাসহ চতুর্থ দফা অবরোধ আরোপ করে। তার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একতরফাভাবে ইরানের তেল ও গ্যাস শিল্পে বিনিয়োগ এবং মুখ্য ব্যাংক ও ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞাসহ ইরানের ওপর বেশ কিছু অতিরিক্ত অবরোধ আরোপ করে।