পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি তেহরান: প্যানেট্টা
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে পারমাণবিক বোমা তৈরি করবে কি না, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে সিনেটর লিন্ডসে গ্রাহামের এক প্রশ্নের জবাবে আইনপ্রণেতাদের উদ্দেশে এসব কথা বলেন প্যানেট্টা। তিনি বলেন, ‘আমার মনে হয়, তেহরান পারমাণবিক শক্তির উন্নয়ন করছে। তবে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া গেছে যে, পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান।’অন্য এক প্রশ্নের জবাবে প্যানেট্টা বলেন, ‘হ্যাঁ, ইরানের হুমকির জবাবে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার শক্তি-সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে। এ বিষয়ে আমার আস্থা অটুট রয়েছে।’ জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, ইরান বিপজ্জনকভাবে বিপথগামী। দেশটির কর্তৃপক্ষের আচার-ব্যবহার লক্ষ করলে দেখা যায়, ইরান নিজেকে রক্ষা করে। তবে প্রতিবেশীদের বিষয়ে নাক গলায় ও হুমকি-ধমকি দেয়। এ ছাড়া নিজের দেশের নাগরিকদের অবহেলা করে। ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, দেশটি পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি চালিয়ে আসছে। ওয়েবসাইট।