পারমাণবিক শক্তিধর উ. কোরিয়াকে সহ্য করবে না যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ শুক্রবার বলেছেন, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র সহ্য করবে না। উত্তর কোরিয়ার যুদ্ধংদেহী মনোভাব ও পারমাণবিক আক্রমণের হুমকিকে তিনি ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেয়ুন-হাই ও দেশটিতে মোতায়েন করা ২৮ হাজার সৈন্যের মার্কিন সেনাদলের অধিনায়কদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের উদ্দেশে কেরি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রয়োজনবোধে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার মিত্রদের পক্ষে হয়ে লড়বে।কেরি বলেন, ‘উত্তর কোরিয়ার যেসব উচ্চবাচ্য আমরা শুনছি, সেগুলো পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা একমত যে, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে সহ্য করা হবে না।’গত ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়ার তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালানোর পর জাতিসংঘ দেশটির ওপরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে।কেরি এখন দক্ষিণ কোরিয়া সফর করছেন। তাঁর এ সফর বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। আসছে সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা প্রয়াত কিম এল সুং-এর জন্মবার্ষিকী। এই দিনে উত্তর কোরিয়া তার সর্বোচ্চ সামরিক দক্ষতা প্রদর্শন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন মারফত জানা গেছে, গত সপ্তাহে পিয়ংইয়ং তার কয়েকটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সুবিধাজনক স্থানে মোতায়েন করেছে। এর পর থেকে উত্তর কোরিয়ার হামলার আশঙ্কা করা হচ্ছে। কেরি বলেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন যদি আক্রমণ শুরু করেন, তবে সেটি হবে ‘বিশাল ভুল’। পারমাণবিক অস্ত্র নিয়ে ধোঁয়াশাজন কেরি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাবি করে যে, উত্তর কোরিয়ার হাতে এমন পারমাণবিক অস্ত্র আছে, যা দেশটি যেকোনো ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করতে সক্ষম। প্রতিষ্ঠানটির এমন ঘোষণার পর সিউলে কানাঘুষা শুরু হয়।তবে পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) এমন ঘোষণাকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উড়িয়ে দিয়েছেন। যুদ্ধ কি আসন্ন, এমন প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, ‘অসম্ভব’।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়্যারহেড সংযুক্ত করতে সক্ষম, এমনটি দক্ষিণ কোরিয়ার কাছে বিশ্বাসযোগ্য নয়। ডিআইএর প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর পেন্টাগনের মুখপাত্র ও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান উভয়েই বলেছেন, ওই প্রতিবেদনটি ‘ভুল’। ২০০৩ সালে ইরাক-যুদ্ধ শুরুর পর মিথ্যা তথ্য দেওয়ার কারণে ডিআইএ তীব্র সমালোচনার মুখে পড়েছিল। এ সংস্থাটি দাবি করেছিল, ইরাকের হাতে গণবিধ্বংসী অস্ত্র আছে। কিন্তু এসব দাবি ভুয়া ও পুরোপুরি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।