পারমাণবিক সক্ষমতা বাড়াবে উ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের ডিসেম্বরে উত্তর কোরিয়ার রকেট ছোড়ার ঘটনায় গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।গতকাল নিরাপত্তা পরিষদে এ বিষয়ে উত্থাপিত একটি নিন্দা প্রস্তাব সর্বসম্মতিতে অনুমোদন করে ১৫টি সদস্যরাষ্ট্র। নিন্দা প্রস্তাবে বলা হয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা এবং এ-সংক্রান্ত প্রযুক্তি ও যন্ত্রপাতি আমদানির বিষয়ে উত্তর কোরিয়ার ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তারা লঙ্ঘন করায় নিরাপত্তা পরিষদ উদ্বিগ্ন। প্রস্তাবে বলা হয়, পিয়ংইয়ং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নিলে কঠোর ব্যবস্থা নেবে নিরাপত্তা পরিষদ। এ ছাড়া বেইজিংয়ের কূটনৈতিক সমর্থনের কারণে উত্তর কোরিয়া এ ধরনের উদ্যোগ নিতে উত্সাহিত হয়েছে বলে চীনের সমালোচনা করে পরিষদের সদস্যরা। গতকাল উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় কোরীয় উপদ্বীপ অঞ্চলে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আর কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া। বরং নিজেদের সামরিক ও পারমাণবিক সক্ষমতা আরও বাড়াবে। উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে অনেক দিন ধরে ছয় জাতি (উত্তর কোরিয়া, চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র) আলোচনা চালিয়ে যাচ্ছে।