পারলে অনাস্থা প্রস্তাব নিয়ে পার্লামেন্টে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতাসীন ইউপিএ জোট সরকারের বিরুদ্ধে কয়লা ব্লক বরাদ্দে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে, প্রধান বিরোধী দল বিজেপিকে সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব নিয়ে পার্লামেন্টে আসার চ্যালেঞ্জ দিয়েছে কংগ্রেস।দলটি বলছে কয়লা ব্লক নিয়ে বিতর্ক কার্যত কোন ইস্যুই নয়। পার্লামেন্টকে অচল করে দেওয়ার যে ঘোষণা বিজেপি দিয়েছে, তারও সমালোচনা করেছে কংগ্রেস নেতৃবৃন্দ।কংগ্রেসের মুখপাত্র এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটির প্রধান পি সি চাকো আজ শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই পদক্ষেপ নেওয়ার মতো সাহস নেই বিজেপির। অনাস্থা প্রস্তাব নিয়ে আসলে থলের বেড়াল বেরিয়ে আসবে আর ফাটল ধরবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে।পি সি চাকো আরও বলেন, বিরোধী জোটের উচিত হবে ‘পার্লামেন্টকে অচল করে দেওয়ার মতো পদক্ষেপ না নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা।’টুজি দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় কমিটির প্রধান চাকো আরও বলেন, দায়িত্বশীল বিরোধী দলের কর্তব্য হলো কয়লা ব্লক বরাদ্দে দুর্নীতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত থাকা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ওই বরাদ্দে আনুমানিক ১.৮৬ লাখ কোটি রুপি ক্ষতি বিষয়ে যে প্রতিবেদন দাখিল করেছেন, তা নিয়ে আলোচনার প্রস্তাবও দেন চাকো।পি সি চাকো বলেন, একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এবং সিএজির অনুমান নির্ভর প্রতিবেদনে বিশ্বাস করে তাঁর পদত্যাগ দাবি করা অনাকাঙ্ক্ষিত।এর আগে আজ রাজ্যসভার সদস্য এবং বিজেপির নেতা অরুণ জেটলি সাংবাদিকদের বলেছিলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং পদত্যাগ না করলে তাঁরা পার্লামেন্টের কাজকর্ম থামিয়ে দেবেন। তিনি বলেন, পার্লামেন্টে আলোচনা না হলেও, এ বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। কোন জবাবদিহিতা ছাড়া কেবল পার্লামেন্টে আলোচনার মধ্যে সমস্যার সহজ সমাধানের যে পথ সরকার খুঁজছে, তা আমরা হতে দিতে পারি না। আমরা বিতর্ক আরও বাড়িয়ে তুলতে চাই।জেটলি বলেন, ‘কখনও কখনও পার্লামেন্টকে অচল করে দেওয়ার মধ্যে দেশের জন্য মঙ্গল নিহিত থাকে।’ গতকাল শুক্রবার অর্থমন্ত্রী পি চিদাম্বারাম বলেছিলেন, যেহেতু অনেকগুলো কয়লা ক্ষেত্রে এখনও খনন চালানো হয়নি, তাই ক্ষতির পরিমাণ তত বেশি নয়। জেটলি আজ চিদাম্বারামের বক্তব্য খারিজ করে দেন।