পারলেন না তামিম, ভরসা মুশফিক
তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে হারানোর পর মুশফিকুর রহিম ও নাঈম ইসলামের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে দুজনে তুলেছেন ৫৬ রান। বাংলাদেশ লাঞ্চে গিয়েছে সাত উইকেটে ২৩৯ রান নিয়ে। ১০টি চার নিয়ে ৫১ রান করে অপরাজিত আছেন মুশফিক, ১২ রানে নাঈম। ফলোঅন এড়ানোর জন্য আজ তামিম ইকবালের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পারেননি তামিম, ৮১ রান নিয়ে দিন শুরু করা ওপেনার আউট হয়ে গেছেন দিনের তৃতীয় ওভারেই, আর মাত্র পাঁচ রান যোগ করে। অবশ্য যে বলটিতে আউট হয়েছেন, সেটিতে তামিমের করার ছিল খুব সামান্যই। টিম ব্রেসনানের রিভার্স সুইংটি ভেতরে ঢুকে শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার পথে ভেঙে দেয় তামিমের স্ট্যাম্প। আগের দিনের অপরাজিত আরেক ব্যাটসম্যান নাইটওয়াচম্যান শাহাদাত হোসেনকে স্লিপে কলিংউডের ক্যাচ বানিয়ে টেস্ট ক্রিকেটে শিকারের খাতা খুলেছেন অভিষিক্ত পেসার স্টিভেন ফিন।