যুক্তরাষ্ট্রে খালেদা জিয়া
পারস্পরিক লাভের ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তা হতে হবে পারস্পরিক লাভের ভিত্তিতে। যুক্তরাষ্ট্র সফররত খালেদা জিয়া গত মঙ্গলবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলে বক্তব্য দেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খালেদার সফরসঙ্গী বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বার্তা সংস্থা ইউএনবিকে টেলিফোনে জানান, আটলান্টিক কাউন্সিলে সুশাসন, গণতন্ত্র ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বক্তব্য দেন খালেদা জিয়া। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো পারস্পরিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে সমাধান করতে হবে। এ জন্য আলোচনা হতে হবে। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলোর সমাধান চায়, তাহলে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনা করা উচিত।আরেক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, তাঁর দলের মধ্যে গণতান্ত্রিক-প্রক্রিয়া ও গণতন্ত্রের চর্চা রয়েছে। বিএনপি ইতিমধ্যে তৃণমূল থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত সম্মেলন শুরু করেছে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, সুশাসন ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, প্রশাসনের সব পর্যায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত। নিয়োগ, পদোন্নতিসহ সবকিছুই হওয়া উচিত মেধার ভিত্তিতে।এ সময় মার্কিন কংগ্রেসম্যান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিনিধি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক ও আবদুল আউয়াল মিন্টু এবং প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। ইউএনবি।