পারস্পরিক সমালোচনায় সংসদে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকারের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভোট গ্রহণের দিন সেখানে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধী দল। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে বিএনপির মওদুদ আহমদ এ দাবি জানান।সরকারি দল এ দাবি নাকচ করে বলেছে, গাজীপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তাই সেখানে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তাঁরা নির্বাচনে ধর্ম ব্যবহার করায় বিরোধী দলের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) লঙ্ঘনের পাল্টা অভিযোগ আনেন।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সোয়া চারটার দিকে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর পয়েন্ট অব অর্ডারে সরকারি ও বিরোধী দলের সাংসদেরা ওয়াশিংটন টাইমস পত্রিকায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিবন্ধ, পোশাকশ্রমিক রেশমা বেগমকে জীবিত উদ্ধারসহ নানা বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন বিষয় উত্থাপন করে পরস্পরের সমালোচনায় সংসদ কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যার আগে স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করে ১৪ জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি করেন।আলোচনার সূত্রপাত করে পয়েন্ট অব অর্ডারে মওদুদ আহমদ বলেন, গাজীপুরে আজমত উল্লাকে জেতাতে প্রশাসন বেপরোয়া। সেখানে দলীয় প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। পত্রিকার খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। সরকারি দলের প্রার্থীর পক্ষে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছেন। তিনি বলেন, ‘এসব কারণেই আমরা বলেছি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশনও একটি আজ্ঞাবহ কমিশন। এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করলে বুঝব, সরকার গাজীপুরে জোর করে জেতার চেষ্টা করছে।’ তিনি চার সিটি করপোরেশনের মেয়রদের এখনো শপথ না করানো এবং গত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন।জবাবে সরকারি দলের তোফায়েল আহমেদ বলেন, ‘সংসদে প্রতিদিন মওদুদ আহমদ পয়েন্ট অব অর্ডারে কথা বলেন। মানুষ কত স্ববিরোধী হতে পারে তা মওদুদ আহমদকে না দেখলে বোঝা যায় না। ২০০৩ সালে তিনি আইনমন্ত্রী থাকাকালে পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। এমনকি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দলীয় কোনো প্রার্থীকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি। এ নির্বাচনে সাদেক হোসেন খোকা মেয়র হন। আর সেনাবাহিনী মোতায়েন ছাড়াই সম্প্রতি চার সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘হবিগঞ্জ উপনির্বাচনে আমাদের প্রার্থী মাত্র এক হাজার ২০০ ভোটে পরাজিত হন। আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হলেও নির্বাচনে ক্ষমতা প্রয়োগ করে না।’চার সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ না করানোর অভিযোগ প্রসঙ্গে তোফায়েল বলেন, ওই চার সিটিতে ২০০৮ সালের ৪ আগস্ট নির্বাচনে আওয়ামী লীগের চারজন নির্বাচিত হয়েছিলেন। তাঁরা শপথ নিয়েছিলেন অক্টোবর মাসে।ওয়াশিংটন টাইমস থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি: বিরোধীদলীয় নেতার নামে কলাম প্রকাশ করায় ওয়াশিংটন টাইমসকে আইনি নোটিশ পাঠিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন সরকারি দলের সাবের হোসেন চৌধুরী। পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, ‘আমি তাঁর লেখা দেখে হতবাক হয়েছিলাম। তিনি এ রকম ক্ষতি করলেন। তিনি তো একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন।’সাবের হোসেন চৌধুরী ওই নিবন্ধ প্রসঙ্গে গত ফেব্রুয়ারিতে মওদুদ আহমদের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘তখন তিনি সাংবাদিকদের বলেছিলেন, এটা বাংলাদেশের খণ্ডচিত্র। বিরোধীদলীয় নেতা যা লিখেছেন তা সত্য। বিরোধীদলীয় নেতা দেশের কোনো পত্রিকায় না লিখে বিদেশের পত্রিকায় কেন লিখলেন—সাংবাদিকেরা তা জানতে চাইলে মওদুদ আহমদ বলেছিলেন, “শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করতেই ওয়াশিংটন টাইমস-এ লেখা হয়েছে।”’ তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা সংসদে বলেছেন, তিনি এ নিবন্ধ লেখেননি। বিরোধীদলীয় নেতা একটি প্রতিষ্ঠান। আমরা তাঁর কথাই ধরে নিচ্ছি।’ তিনি বলেন, ‘এই নিবন্ধ প্রকাশ করায় ওয়াশিংটন টাইমস-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্যই আইনি নোটিশ দিয়ে উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা।’ তিনি জমে থাকা ১২টি বেসরকারি বিল সংসদে আলোচনার দাবি জানান।বিএনপির মাহবুব উদ্দিন বলেন, ওয়াশিংটন টাইমস পত্রিকার নিবন্ধ যে বেগম জিয়া লিখেছেন তার প্রমাণ দেখাতে পারেননি সাবের হোসেন চৌধুরী।‘রেশমার ঘটনায় সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’: বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দীন চৌধুরী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সানডে মিরর ও ডেইলি টাইমস প্রকাশ করেছে, পোশাকশ্রমিক রেশমার জীবিত উদ্ধারের কাহিনি সাজানো নাটক। এতে দেশের ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। হেফাজতে ইসলামের ওপর গণহত্যা এবং সরকারের দুর্নীতি ও দুঃশাসন আড়াল করতেই সরকার এ নাটক করেছে। জিএসপি স্থগিতের জন্যও এ ঘটনা দায়ী। তিনি এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘এমন কাঁচা মিথ্যা বলা বিএনপির পক্ষেই সম্ভব। এই টেবলয়েড পত্রিকা মুখরোচক গল্প সাজায়। এটা যেমন আমাদের দেশে আছে, অন্য দেশেও আছে। এ ধরনের পত্রিকায় টাকা দিলে আতু বলে ছুটে আসে। পাচার করা টাকা দিয়ে এসব প্রতিবেদন করানো হচ্ছে। তা ছাড়া দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় সাজানো প্রতিবেদনের জন্য ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল।’ তিনি বলেন, বিএনপি এ ঘটনা নিয়ে চায়ের কাপে ঝড় তুলতে চায়। তারা সেনাবাহিনীর ভাবমূর্তিকেও বিতর্কিত করতে চায়। শান্তিরক্ষা মিশনে যাতে সেনাবাহিনী না যেতে পারে তার জন্য এসব করা হচ্ছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফ্লোর নিয়ে মিরর-এর প্রতিবেদনকে ‘আবর্জনা’ অভিহিত করে তা এক্সপাঞ্জ করার দাবি জানান।প্রসঙ্গ প্রথম আলো: দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোর সম্পাদকীয়র তীব্র সমালোচনা করে বলেন, এ ধরনের লেখা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং সংসদ অবমাননাকর। সম্পাদকের উদ্দেশে তিনি বলেন, ‘এ জন্য দুঃখ প্রকাশ করে সংসদে পত্র দেবেন। সংসদের যাতে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন না হয়।’ তিনি বলেন, ‘সম্পাদকীয়তে “যান্ত্রিক সিদ্ধান্ত” “স্পিকারের ভুল”—এসব তির্যক মন্তব্য করা হয়েছে। সংসদের আধা বিচারিক ক্ষমতা নেই। তা না হলে সম্পাদক সাহেবকে এখানে (সংসদে) আসতে হতো।’ তিনি আরও বলেন, পৃথিবীর এমন কোনো স্পিকার নেই, যাঁরা গিলোটিন করেন না। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, মির্জা গোলাম হাফিজ, শেখ রাজ্জাক আলীও গিলোটিন করেছেন। সংসদ কার্যপ্রণালি বিধিতে স্পিকারের এ ক্ষমতা আছে। কারণ, তাঁকে সংসদ চালাতে হয়। দলমত সবাইকে এ বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদের মর্যাদা রক্ষা করতে হবে।