পারাবতের বাহারি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে শখ করে কবুতর পোষার চল ছিল। এই শখ থেকে কিছু বাড়তি আয়ও হতো অনেকের। অনেকটা গ্রামীণ রীতি হয়ে দাঁড়িয়েছিল কবুতর পালনের বিষয়টি। তবে দিন দিন এই রীতি হারিয়ে যাচ্ছে।অবস্থা যা-ই হোক, কবুতর পালনের সেই গ্রামীণ ঐতিহ্যই ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফেন্সি পিজিয়ন অ্যাসোসিয়েশন। জনসাধারণের মধ্যে কবুতর পোষার আগ্রহ বাড়াতে সংগঠনটি প্রথমবারের মতো দুই দিনব্যাপী কবুতর মেলার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। গতকাল শুক্রবার ছিল মেলার শেষ দিন।বাংলাদেশ ফেন্সি পিজিয়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘বছর দশেক আগে শখের বশেই কবুতর পোষা শুরু করি। পরে কবুতরপ্রেমী আরও কয়েকজনকে নিয়ে এই সংগঠন গড়ে তুলি। কবুতর পালনের এই শখ সবার মধ্যে ছড়িয়ে দিতেই আমাদের এই মেলার আয়োজন।’ দেশের বিভিন্ন স্থান থেকে পারাবত-অনুরাগী শৌখিন ব্যক্তিরা তাঁদের পোষা কবুতর নিয়ে এসেছিলেন মেলায়। আয়োজকেরা জানান, দেশি-বিদেশি সব মিলিয়ে ১২০ প্রজাতির কবুতর ছিল মেলায়। এসবের মধ্যে ছিল—ব্রুনাল পোটার, ম্যাগপাই পোটার, ফিলব্যাক, লক্কা, ওরিয়েন্ট ফিল, নিকোবর, কালো কিংসহ বিরল ও বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির কবুতর।বৃহস্পতিবার শুরু হওয়ার পর থেকেই মেলায় ভিড় করতে থাকে উৎসুক দর্শনার্থীরা। অনেকেই দীর্ঘক্ষণ ধরে কবুতরগুলো দেখেছে। কেউ বা জিজ্ঞেস করেছে কবুতরের জাত, কেউ জানার চেষ্টা করেছে দাম, কোথায় পাওয়া যায় ইত্যাদি।মেলায় প্রদর্শনের পাশাপাশি কবুতর বিক্রিরও ব্যবস্থা ছিল। গতকাল বিকেলে আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব কবুতরের দাম ছিল বেশ চড়া। বিভিন্ন প্রজাতির কবুতর প্রতি জোড়া বিক্রি হয়েছে পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। ইন্দোনেশিয়ার এক জোড়া নিকোবর কবুতরের সর্বোচ্চ দাম হাঁকানো হয়েছে পাঁচ লাখ টাকা। জানতে চাইলে ওই জোড়া পায়রার মালিক তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ইন্দোনেশিয়ার নিকোবর দ্বীপপুঞ্জে এই কবুতরের আদি নিবাস। কিছুদিন আগে সেখান থেকে এই কবুতর জোড়া বাংলাদেশে আনা হয়। এই কবুতরের বিশেষত্ব হচ্ছে, রঙিন আলোর সংস্পর্শে এলে এদের পালকও সেই রং ধারণ করে। মেলায় প্রদর্শিত সবচেয়ে বড় আকৃতির কবুতর ছিল স্ট্রেচার-হলুদ চেকার। এটা দেখতে প্রাপ্তবয়স্ক ব্রয়লার মুরগির মতো। এই কবুতর জোড়ার দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা।এ ছাড়া এশিয়ান প্রজাতির সাদা জ্যাকবিনের জোড়া ৯০ হাজার টাকা, স্ট্রেচার প্রজাতির (হলুদ, ব্রঞ্জ ও চকলেট) কবুতর জোড়াপ্রতি দাম হাঁকা হয় ২০ হাজার টাকা। ফিলব্যাক কবুতরের জোড়া ২০ হাজার, কালো কিংয়ের জোড়া ২৫ হাজার, বুখারার জোড়া ১২ হাজার টাকা হাঁকেন মনিবেরা। কিনতে না পারলেও বাহারিদর্শন এসব কবুতরের দর্শন লাভে প্রীত হয়েছে পারাবত অনুরাগী অসংখ্য দর্শক।