পারিবারিক আদালতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অধিকারের গত সংখ্যায় ‘ভোগান্তির কমতি নেই পারিবারিক আদালতে’ শিরোনামে তানজিম আল ইসলামের এক অসাধারণ নিবন্ধ পাঠ করলাম। পারিবারিক আদালতের একজন বিচারক হিসেবে এ সম্পর্কে কিছু কথা না বললে এ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অসহযোগিতা করা হবে বলে আমি মনে করি।লেখক প্রথমেই পারিবারিক মামলা নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নেই বলে মন্তব্য করেছেন। কিন্তু একটা মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট সময় বেঁধে না দেওয়া হলেও অন্তত প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ায় পারিবারিক মামলা শেষ হতে সর্বোচ্চ আট মাস সময় লাগে। যেমন, মামলা দায়েরের দিন থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত থাকে বিবাদীর উপস্থিতি ও জবাব দাখিলের জন্য। এ ক্ষেত্রে কোর্ট সন্তুষ্ট হলে জবাব দাখিলের সময় সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। পরবর্তী ৩০ দিনের মধ্যে থাকে বিচার-পূর্ব শুনানি। এ প্রক্রিয়ায় সফল হলে মামলা ওই দিনই নিষ্পত্তি। আর ব্যর্থ হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে সাক্ষ্য গ্রহণ। এরপর বিচার-পরবর্তী শুনানি, যা সফল হলে ওই দিনই আপস ডিক্রি, ব্যর্থ হলে পরবর্তী সাত দিনের মধ্যে রায় ঘোষণা। পারিবারিক আদালত অধ্যাদেশের বর্ণিত সময়-সম্পর্কিত উপরিউক্ত বিধান যথাযথভাবে পালন করলে কোনো পারিবারিক মামলা নিষ্পত্তিতে ছয় থেকে আট মাসের বেশি সময় লাগে না। তবে পক্ষদ্বয় মাঝেমধ্যে শুনানি মুলতবি করার আবেদন করে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী তিনবারের বেশি সময় নেওয়া যাবে না বলে গত সংখ্যায় মত দিয়েছেন। আমার পরামর্শ, যেহেতু আরজি ও জবাবে সাক্ষীদের নাম, ঠিকানা-সংবলিত একটা শিডিউল থাকে, সেহেতু সাক্ষীদের একটা পূর্বপ্রস্তুতি থাকে বলে শুনানির সময় ৩০ দিনের বেশি বর্ধিত করা উচিত নয়। তবে এ অধ্যাদেশে বর্ণিত সময়সীমা কার্যকরভাবে প্রয়োগ করতে হলে দেওয়ানি আদালতে তা সম্ভব নয়। এ জন্য দরকার স্বতন্ত্র পারিবারিক আদালত। সাধারণত সহকারী জজরা দেওয়ানি মোকদ্দমা নিয়ে অতিরিক্ত চাপ ও জটিলতার মধ্যে থাকেন। তাঁদের ওপর অতিরিক্ত দায়িত্ব হিসেবে পারিবারিক আদালতের বিচারের ভার থাকলে তাঁরা স্বভাবতই এ বিষয়ে বেশি মনোযোগী হতে পারেন না। এ সমস্যা সমাধানে প্রত্যেক জেলায় জনসংখ্যাভেদে সহকারী জজদের নিয়ে একটি বা দুটি স্বতন্ত্র পারিবারিক আদালত এবং যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজনকে নিয়ে পারিবারিক আপিল আদালত গঠন করলে সুফল পাওয়া যাবে বলে মনে করি। লেখক সমন জারি থেকে দুই বছর পার হয়ে গেছে, এ রকম একটি মামলার উদাহরণ দিয়েছেন। কিন্তু পারিবারিক আদালত অধ্যাদেশের বিধানমতে, সমন জারিতে ৩০ দিনের বেশি সময় লাগার কোনো সুযোগ নেই। তবে সমন বিলম্বে জারির ঘটনা যে ঘটছে না, তা নয়। কেন পারিবারিক মামলার সমন জারিতে বিলম্ব হচ্ছে, এ বিষয়গুলো অনুসন্ধান করে দেখা যেতে পারে। পারিবারিক আদালত অধ্যাদেশের ৭(১)(গ) ধারায় প্রাপ্তিস্বীকারপত্রসহ ডাক সমনের বিধান রাখা হয়েছে, যা আদালতে ফেরত আসামাত্র সমন রীতি অনুযায়ী জারি হয়েছে বলে গণ্য হবে। এমনকি যথাযথ ঠিকানা-সংবলিত কোনো ডাক সমনের ক্ষেত্রে পোস্ট করার ৩০ দিনের মধ্যে প্রাপ্তিস্বীকারপত্র ফেরত না এলে তা অধ্যাদেশের ৭(৪) ধারামতে রীতি অনুযায়ী জারি হয়েছে বলে গণ্য হবে। তবে এ ধরনের সমন জারির ক্ষেত্রে বাদীপক্ষকে অবশ্যই সঠিক ঠিকানা সরবরাহ করতে হবে।দেওয়ানি মামলার তুলনায় পারিবারিক মামলাই বিকল্প পদ্ধতিতে বেশি নিষ্পত্তি হয়। এ লক্ষ্যে অধ্যাদেশের ১০ ও ১৩ ধারায় যথেষ্ট বিধান রাখা হয়েছে। বেশির ভাগ পারিবারিক মামলাই বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি সম্ভব। তবে এ জন্য দরকার উভয় পক্ষের আইনজীবীদের আন্তরিক সহায়তা। অনেক সময় বিচারকেরা মামলার পক্ষদের আপস রাজি করিয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের কাছে আপসনামা লেখার জন্য প্রেরণ করেন এবং এক অদৃশ্য কারণে পক্ষরা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ায়। এ ক্ষেত্রে বিচারক নিজেই আপসনামা লিখে তাঁদের আপস করাতে পারেন। তবে এ জন্য যথেষ্ট সময় দরকার, যা দেওয়ানি আদালতের দায়িত্বে থাকা একজন বিচারকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এ ক্ষেত্রে তানজিম আল ইসলাম এক অসাধারণ প্রস্তাব দিয়েছেন। তিনি বিভিন্ন জেলায় নিযুক্ত অধিক সংখ্যক এজিপিদের মধ্য থেকে পারিবারিক আদালতে কাউন্সিলর নিয়োগের কথা বলেছেন। আমার প্রস্তাব, এ রকম এজিপি থাকলে তাঁদের মধ্য থেকে দু-একজনকে আইন প্রণয়নের মাধ্যমে পারিবারিক আদালতে মেডিয়েটর নিয়োগ করা যেতে পারে। বিবাদীপক্ষ জবাব দাখিল করার পর বিচারপূর্ব শুনানিতে ওই এজিপি পক্ষদের মধ্যে আপস-মীমাংসা করে আদালতে আপসনামা দাখিল করবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের যথাযথ জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। কারণ, এক অনুসন্ধানে দেখা যায়, মানিকগঞ্জ জেলা জজশিপে দেওয়ানি কার্যবিধির ৮৯ক ধারা মোতাবেক, নিযুক্ত কোনো আইনজীবী অদ্যাবধি একটি মামলাও মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি করতে পারেননি। এ ক্ষেত্রে পারিবারিক মামলায় ব্র্যাক কর্তৃক প্রদত্ত আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় নিযুক্ত আইনজীবীদের পারিশ্রমিক প্রদানের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। বেসরকারি সংস্থা ব্র্যাক পারিবারিক মামলায় তাদের প্যানেল আইনজীবীরা একটি মামলা পুরোপুরি নিষ্পত্তি করে রায়ের কপি সংস্থায় জমা দিলে তবেই একটি নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পান। এ ব্যবস্থা প্রবর্তন করলে বিজ্ঞ আইনজীবীদের অতিরিক্ত সময় নেওয়ার প্রবণতা কমবে বলে আশা করা যায়।লেখক  সহকারীজজ, মানিকগঞ্জ।