পারিবারিক নির্যাতনের শিকার এক ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের বাড়ির একটি মেয়ের সঙ্গে সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল খায়রুল হাসানের। একপর্যায়ে পরিবারকে না জানিয়েই গোপনে বিয়ে করেন দুজনে। মেয়েটির পরিবার ছেলেটির পরিবার থেকে বংশমর্যাদায় একটু নিচে এবং দরিদ্র। ২০১০ সালের ২ মার্চ তাঁরা ঢাকায় একটি কাজি অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে মেয়েটি হাসানের সঙ্গেই সংসার করতে থাকেন। দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার মেনে নিলেও হাসানের পরিবার তা মানতে রাজি হয়নি। অনেকবার টেলিফোনে হাসানের বাবা ছেলেকে হুমকি-ধমকি দিতে থাকেন মেয়েটিকে তালাকের জন্য। হাসান রাজি হননি। এভাবেই কাটতে থাকে দিন। প্রায় এক বছর পর হাসানের পরিবার নতুন ফাঁদ পাতে। রোজার ঈদের আগে হাসানকে ফোনে বলেন, ‘তাঁরা বিয়ে মেনে নিয়েছেন। ছেলের বউকে নিয়ে সে যেন বাড়ি চলে আসে।’ হাসান সরল মনে ২০১১ সালের ২৯ আগস্ট স্ত্রীকে নিয়ে রওনা দেন। কিন্তু এযাত্রায় যে হাসানের জন্য ফাঁদ পাতা ছিল তখন হাসানের ভাবনাতেই আসেনি। হাসানের জবানেই শুনুন ঘটনাটি।‘আমি আমার স্ত্রীকে নিয়ে রওনা দিই। রাতে কুমিল্লায় পৌঁছাই। তখন আমার বাবা ও চাচা-চাচি মিলে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আসেন। আমাকে আমারই বাড়িতে নিয়ে আসে আর আমার স্ত্রীকে তার বাড়িতে দিয়ে আসার নাম করে রাস্তায় একা ফেলে রেখে যান। আমি এসবের কিছুই টের পাইনি। আমার স্ত্রী সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে পরদিন সকালে আমার বাসায় এলে আমার বাবা, মা ও চাচারা মিলে তার ওপর অত্যাচার শুরু করেন। আমি হতবিহ্বল হয়ে যাই। আমাকে কী বলে আনা হলো আর এখন কী হচ্ছে?’ হাসানকে জিজ্ঞেস করি, কেন আপনার পরিবার এমন করল?‘পারিবারিক মর্যাদা নিয়ে দ্বন্দ্ব। আমার বাবা ধনী ব্যবসায়ী, মেয়েটির পরিবারের তুলনায় গরিব। তাই আমার মা-বাবা তাঁদের সামাজিক মর্যাদায় মেয়েটির পরিবারের কাছে ছোট হতে চাননি। মেয়েটিকে মন থেকে মেনে নিতে পারেননি। অথচ আমি তাঁদের একমাত্র সন্তান। মেয়েটিকে তার পরিবারের কাছে রেখে এসে হুমকি দেওয়া হয়, যেন আমার সঙ্গে কোনো যোগাযোগ করে। কয়েক দিন পর ৬ সেপ্টেম্বর একটি সালিসের ব্যবস্থা করেন আমার বাবা। এর মধ্যে আমাকেও গৃহবন্দী করে রাখা হয়।’ কিসের সালিস?‘সালিস করা হয় যে আমি যেন আমার স্ত্রীকে সমঝোতা করে তালাক দিই। ওইখানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। আব্বা তাঁদের বোঝান, আমি আমার স্ত্রীকে স্বেচ্ছায় তালাক দেব। অথচ আমি এ সালিস সম্পর্কে কিছুই জানতাম না।’ তারপর সালিসে কী হলো?‘আমাকে আর আমার স্ত্রীকে হাজির করা হলো। আমাদের কাছ থেকে জোর করে একটা কাগজে স্বাক্ষর নেওয়া হলো। আমি তখন বুঝতে পারিনি, আমার স্ত্রী অনেক কান্না করছিল। পরে আমাকে বলা হলো, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যেতে লাগল। আমাকে বলা হলো, আমাদের নাকি খুলা তালাক হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই না—এ বলে কাঁদতে থাকি। কিন্তু আমার কথা শোনার কেউ ছিল না। তারপর আমাকে ঘরে বন্দী করে নির্যাতন করা হলো। আমার বাবা-চাচা মিলে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করলেন। আমি কিছু বলতে পারিনি।’ পরে আপনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি?‘না, পারিনি। আমার বাবা মেয়েদের পরিবারকে পাঁচ লাখ টাকা প্রদান করেন। এই টাকা পেয়ে আমার শ্বশুরবাড়ির লোকজনও আমার বিপক্ষে চলে যায়। অথচ দেনমোহর ছিল এক লাখ টাকা। আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে আমাকে পুলিশে দেবে বলে হুমকি দেয়। ১১ সেপ্টেম্বর রাতে আমার মা-বাবা মিলে আমাকে অজ্ঞাত কিছু লোকের কাছে ধরিয়ে দেন। ওরা আমাকে বলে, ওরা ডিবির লোক।’ পরে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো?‘আমাকে অজ্ঞাত একটি জায়গায় নিয়ে যাওয়া হলো। পরদিন জানতে পারলাম, এটি একটি মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্র। আমাকে মাদকাসক্ত বানিয়ে এখানে পাঠানো হয়েছে। এখানে প্রায় দেড় মাস রাখা হয় বন্দীর মতো। অনেক অত্যাচার করা হয় আমাকে। অথচ আমি মাদকাসক্ত ছিলাম না কোনোকালেই। আমি অবাক হই নিজের মর্যাদার বড়াই করার জন্য নিজের বাবা-মা তাঁদের একমাত্র সন্তানকে মাদকাসক্ত বানিয়ে ফেললেন। হায়! এ কোন দুনিয়া!’হাসান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স-মাস্টার্স করেছেন। বিয়ের কিছুদিন আগে একটি তৈরি পোশাক কারখানায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নিয়েছিলেন। তাঁর অনুপস্থিতির কারণে চাকরিটি তাঁকে হারাতে হয়। কিছুদিন আগে মাদকাসক্ত নিরাময়কেন্দ্র থেকে ছাড়া পেয়ে আবার তিনি তাঁর স্ত্রীকে ফিরে পেতে চেষ্টা করছেন। কোনো এক পরিচিত লোকের সঙ্গে আইন অধিকার ডেস্কে এসে হাজির। সঙ্গে নিয়ে আসেন বিয়ের প্রমাণের সব দলিলপত্র, তালাকের কপি, চাকরির নিয়োগপত্র। হাসান কুমিল্লায় জেলা প্রশাসক, এমপি, ওসি সবার কাছে লিখিত আবেদন করেছেন তাঁর ওপর এই নির্যাতনের বিচার চেয়ে। তাঁর আশা, স্ত্রীকে তিনি ফিরে পাবেন। এ বিষয়ে কথা বলার জন্য খায়রুল হাসানের বাবার মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। হাসানের চাচা হাজি জাহাঙ্গীরকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘যা যা হয়েছে, পারিবারিক সম্মতিতে হয়েছে। তাঁর বাবা-মায়ের ইচ্ছায় হয়েছে। কারও জোরাজুরিতে হয়নি। আমরা এতে সম্পৃক্ত নই।’ সালিসে উপস্থিত কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক চেয়ারম্যান এস এম শোয়েবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসানকেই দায়ী করেন। তিনি বলেন, ‘হাসান জোর করে মেয়েটিকে উঠিয়ে নিয়ে গেছে। ছেলেটি নেশাগ্রস্ত। পারিবারিক সম্মতিতে এই তালাক দেওয়া হয়েছে। এতে হাসানের নিজেরই সম্মতি ছিল। হাসান সবার সামনে নিজ সম্মতিতেই তালাক দিয়েছে।’ তাঁকে জিজ্ঞেস করলাম, তাহলে হাসান কেন তাঁর স্ত্রীকে ফিরে চাইছেন? আর তাঁকে কেন মাদক নিরাময়কেন্দ্রে আটক রাখা হলো?‘তাকে আটক রেখেছিল কি না, তা আমার জানা নেই। তবে ছেলেটি এখন স্ত্রীকে নিতে চাইছে, কারণ, তার স্ত্রীর পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। স্ত্রীকে পেলে এ টাকা সে পাবে এ জন্য।’হাসান এ কথার বিরোধিতা করেন। হাসানের সাফ জবাব, ‘আমি টাকা চাই না, আমি নেশাগ্রস্ত নই। আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাই। আমার ওপর যে অত্যাচার করা হয়েছে, তার বিচার চাই। আমার বিশ্বাস, আমার স্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সে নিশ্চিত আমার কাছে ফিরে আসবে। আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসি। সালিসের লোকেরা টাকা খেয়ে উল্টো কথা বলছে।’হাসান বারবার অনুরোধ করতে থাকেন, ‘আমার স্ত্রীকে ফেরত পেতে সাহায্য করুন। আমার আর্তনাদ আপনারা শুনুন।’হাসান বলতে থাকেন, ‘দেশে পুরুষেরা যদি তার পরিবারের দ্বারা নির্যাতিত হয়, তাহলে কি কোনো আইনের আশ্রয় নিতে পারবে না?’হাসানের কথাটি ভাবতে থাকি। দেশে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ পাস হয়েছে। এ আইনে সুরক্ষা ও প্রতিকার পাওয়ার অধিকার কি শুধুই নারীদের? এ বিষয়ে কথা বলি একজন প্রথিতযশা মানবাধিকার নেত্রীর সঙ্গে (নাম প্রকাশে অনিচ্ছুক)। তিনি বলেন, ‘এই আইনে বলা হয়েছে, নারী ও শিশুর সুরক্ষার জন্য এ আইন প্রয়োগ হবে। পুরুষদের এই আইনের আওতায় সুরক্ষা পাওয়ার সুযোগ নেই।’হাসান তাঁর নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে চান। পারিবারিক সহিংসতা আইনে এই সুযোগ নেই। তাঁকে দণ্ডবিধির আওতায় হয়তো প্রতিকার নিতে হবে। হাসানকে বলি এ কথা। হাসান ভাবতে থাকেন, তাঁর নিজের বাবা-মায়ের বিরুদ্ধে তিনি কি আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন? এটা করা কি উচিত? আবার তাঁর ভালোবাসার মানুষ ছাড়াও তিনি বাঁচতে পারবেন না। এখন তিনি কী করবেন...?পাদটীকা: মুসলিম আইনে স্ত্রীর ইচ্ছায় বিবাহবিচ্ছেদের একটি ব্যবস্থা হচ্ছে খুলা তালাক। এ তালাক স্বামী-স্ত্রীর সম্মতিতে স্ত্রীর ইচ্ছায় কার্যকর হয়। এ তালাক পারস্পরিক চুক্তি দ্বারা বা আদালতের নির্দেশে হতে পারে। এ তালাকের বৈশিষ্ট্য হলো, স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার প্রস্তাব দিয়ে থাকেন, স্বামী এতে সম্মতি জানান এবং স্ত্রীকে তালাক দেওয়ার সময় স্ত্রীর কাছ থেকে প্রতিদান নিয়ে থাকেন। খুলা তালাকের ক্ষেত্রে অন্য কেনো চুক্তি না থাকলে স্ত্রী মোহরানা পাওয়ার অধিকারী হবেন না। কিন্তু ইদ্দতকাল পালনকালে স্ত্রী তাঁর গর্ভস্থ সন্তানের জন্য স্বামীর কাছ থেকে ভরণপোষণ পাওয়ার অধিকারী হবেন। [email protected]