পারিবারিক বিরোধে আহত ম্যান্ডেলার নাতনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার চলমান পারিবারিক বিরোধে ক্লান্ত ও আহত বোধ করার কথা জানিয়েছেন ম্যান্ডেলার নাতনি এনডিলেকা ম্যান্ডেলা। কাল বৃহস্পতিবার নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন। এ দিনটিকে সামনে রেখে আজ বুধবার এনডিলেকা ম্যান্ডেলা এ কথা বলেন। ম্যান্ডেলা এখন গুরুতর অসুস্থ হয়ে প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, নেলসন ম্যান্ডেলার তিন সন্তানকে নতুন করে সমাহিত করা নিয়ে ওই পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এনডিলেকা ম্যান্ডেলা বলেন, পারিবারিক এই জটিল অসুস্থতা থেকে বের হয়ে আসাটা খুব জটিল হয়ে দাঁড়িয়েছে। পরিবারের চলমান এই বিবাদের শুরু করেছিলেন মূলত ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা। এখন তাঁর বিপক্ষে দাঁড়িয়েছেন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেলসহ পরিবারের ১৬ জন সদস্য। ম্যান্ডেলার পূর্বপুরুষের ভিটা ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামে। সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছিল মান্ডলার বাবা মাকগাথো এবং ম্যান্ডেলার প্রথম স্ত্রীর অন্য দুই সন্তান থেমবি ও মাকাজিউয়েকে। মান্ডলা ২০১১ সালে এই তিনজনের দেহাবশেষ তুলে এনে কিছুদূরে নিজের গ্রাম এমভেজোয় সমাহিত করেন।মান্ডলার ভাষ্য, তাঁর দাদা নেলসন ম্যান্ডেলার জন্মস্থান এমভেজোয় বলে সেখানেই ম্যান্ডেলা পরিবারের ঐতিহ্য সংরক্ষণ করতে চান তিনি। কিন্তু পরিবারের অন্য সদস্যরা তাঁর এই কথায় ভরসা পাননি। এ কারণে বাধ্য হয়ে তাঁরা ৩ জুলাই আদালতের শরণাপন্ন হন। আদালত মান্ডলার বিরুদ্ধে রায় দিয়ে ম্যান্ডেলা পরিবারের তিন সদস্যের দেহাবশেষ আবারও কেপ প্রদেশের কুনু গ্রামে সমাহিত করার নির্দেশ দেন।এনডিলেকা ম্যান্ডেলা বলেন, সমাহিত করা নিয়ে বিরোধ খুব দুঃখজনক। কিন্তু এ নিয়ে পারিবারিক বন্ধন ভেঙে ফেলা ঠিক হবে না।