পারিবারিক বিষয় নিয়ে আন্দোলনে যেতে চায় না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি জোরদার করতে চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। এসব বৈঠকে খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হাইকোর্টের রায় ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলাসহ শুধু জিয়া পরিবারের বিষয় নিয়ে কর্মসূচি না দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে শরিক ও সমমনা দলগুলোর পক্ষ থেকে ভবিষ্যতে বিভিন্ন দাবিতে যৌথ কর্মসূচি ঘোষণার জন্য বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছে। জোটভুক্ত নয়, এমন দলের নেতারা জোট সম্প্রসারণের অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।জাতীয় ও জিয়া পরিবারের কয়েকটি ইস্যুতে বর্তমানে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির একজন নেতা জানান, চলমান কর্মসূচি সফল করতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ওই নেতা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি, হত্যা, গুম, হামলা, মামলা, খালেদার বাড়ি ছাড়ার নোটিশ, তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তাঁরা কর্মসূচি পালন করে আসছেন। সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুই দিনে তাঁর গুলশানের কার্যালয়ে মোট নয়টি দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। দলগুলো বিএনপির সব কর্মসূচিতে সমর্থন জানাবে বলে খালেদা জিয়াকে নিশ্চিত করেছে।গত শনিবার রাতে জোটের শরিক তিনটি দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন খালেদা জিয়া। দলগুলো হলো জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস। বৈঠকে বিএনপি জামায়াতে ইসলামীর তিন নেতা ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক ও ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষে ছিলেন দলটির সভাপতি আন্দালিব রহমান। জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা জোটের নিয়মিত বৈঠক। বিজেপির সভাপতি আন্দালিব রহমান বলেন, বিভিন্ন সময়ে সার্বিক পরিস্থিতি নিয়ে জোটের মধ্যে যে আলোচনা হয়, এই বৈঠকেও তেমনটা হয়েছে। তবে এখানে কোনো দিকনির্দেশনা ছিল না।চারদলীয় জোটের এক নেতা বলেন, আলোচনায় মনে হয়েছে, শুধু জিয়া পরিবারকেন্দ্রিক দাবিতে আন্দোলন হোক, তা খালেদা জিয়াই চান না। জনদুর্ভোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর বেশি জোর দিয়েছেন তিনি।এর আগে গত বৃহস্পতিবার রাতে জোটের বাইরে সমমনা ছয়টি ছোট রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা জিয়া। এই দলগুলো হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও ন্যাপ ভাসানী।বৈঠকের পর এক নেতা জানান, তাঁদের পক্ষ থেকে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান খালেদা জিয়াকে বলেছেন, সমমনা দলগুলো সব সময় বিএনপির পাশে আছে। দলের নেতারা মনে করেন, এই সরকারের বিরুদ্ধে একক কোনো দলের আন্দোলনের চেয়ে যৌথ আন্দোলন অনেক বেশি কার্যকর হবে।