পারিবারিক সহিংসতা রোধে আইনের বাস্তবায়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নারীরা প্রতিনিয়ত পারিবারিক সহিংসতার শিকার হলেও মুখ ফুটে তা বলেন না বা বিচারব্যবস্থার দ্বারস্থ হতে চান না। এদিকে পারিবারিক সহিংসতা বন্ধে দুই বছর আগে আইন হলেও এখনো তার বিধিমালা হয়নি। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও আইনের বাস্তবায়নের জন্য সচেতনতাও প্রয়োজন।গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০: পারিবারিক নির্যাতনের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, নারীর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন না হলে তাঁদের অবস্থাও পরিবর্তিত হবে না। এ জন্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন দরকার। নারীকে এখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেখা যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। দেশের সাম্প্রতিক সময়ের সহিংসতার প্রসঙ্গ তুলে মিজানুর রহমান বলেন, ‘এত দিন বিশ্বাস ছিল বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু এখন বিশ্বাস হচ্ছে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় নয়, তারা মারামারি, সহিংসতায় বিশ্বাস করে। আর এখানে নারীর অবস্থান সবচেয়ে ভঙ্গুর।’বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, দেশে পারিবারিক সহিংসতা কমেনি, বরং বেড়ে যাচ্ছে। অনেকে মনে করেন, এটা বাইরে প্রকাশ করার বিষয় নয়। এটা যে একটা অপরাধ, তাঁরা সেটা স্বীকার করতে চান না। এ জন্য সচেতনতা বাড়াতে হবে। সংশ্লিষ্ট আইনটি বাস্তবায়নের জন্য প্রয়োগকারী কর্মকর্তা, পুলিশ, সেবাদানকারী সংস্থা, আইনজীবী, বিচারকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দিতে হবে।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, দেশে এখনো ৬০ থেকে ৬৫ শতাংশ নারী ঘরে নির্যাতনের শিকার হন। প্রতিনিয়ত নারীদের নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়। এটা মেনে নেওয়া যায় না। এটা বন্ধের লক্ষ্যে আইন হয়েছে। এটা বহু বছরের নারী আন্দোলনের ফল। আইন বাস্তবায়নের জন্য নারী-পুরুষসহ সবাইকে মিলে কাজ করতে হবে।আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম বলেন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনটি খুবই ভালো একটি আইন। এটা আন্দোলনের ফসল। তাই বাস্তবায়নের জন্যও আন্দোলন চালিয়ে যেতে হবে। আইনের কার্যকর বাস্তবায়নের জন্য সামাজিক সচেতনতা দরকার। পারিবারিক সহিংসতার বিচারের কাজটি জ্যেষ্ঠ বিচারিক আদালতে দেওয়ার পরামর্শ দেন শাহ আলম।মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০-এর বিধিমালা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে বিধিমালা হয়ে যাবে। তবে শুধু আইন দিয়ে পারিবারিক সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ জন্য মনেরও পরিবর্তন করতে হবে।পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. নাজমুল হক নারী নির্যাতনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, নির্যাতনের ধরনের পরিবর্তন হচ্ছে। কম বয়সে নারীরা যৌতুকসহ বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হন। শেষ বয়সে তাঁদের অন্য রকম নির্যাতনের শিকার হতে হয়। নারী নির্যাতন বন্ধের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, থানাকে আরও নারীবান্ধব করতে হবে। পুলিশকে সংবেদনশীল করতে হবে। নির্যাতনের শিকার নারীদের জন্য ‘ভিকটিম সহায়তা কেন্দ্র’ সহজলভ্য করতে হবে।মহানগর হাকিম আনোয়ার সাদাত দ্রুত বিধিমালা তৈরির তাগিদ দেন। তিনি বলেন, বিধিমালার জন্য থেমে থাকা যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ও প্রতি জেলায় নিরাপদ আশ্রয়কেন্দ্র থাকা দরকার। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, আইনের প্রয়োগের জন্য ব্যাপক সামাজিক সচেতনতা দরকার। এ জন্য চিন্তা ও মনের পরিবর্তন আনতে হবে। সচেতনতা বাড়াতে গণমাধ্যমের বড় ভূমিকা আছে।প্ল্যান বাংলাদেশের জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি বিশেষজ্ঞ নিগার সুলতানা মূল উপস্থাপনায় বলেন, তাঁদের ২০১১ সালের এক মানবাধিকার-বিষয়ক জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ নারী পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন। ৩৮ শতাংশ নারী মনে করেন স্বামীদের স্ত্রীকে মারার অধিকার আছে। ছয়টি বিভাগের আটটি উপজেলার ১০২টি ইউনিয়নে এই জরিপটি হয়। নিগার সুলতানা বলেন, ভয় ও সামাজিকভাবে কলঙ্কিত হওয়ার ভয়ে ক্ষতিগ্রস্ত নারীরা পারিবারিক সহিংসতার জন্য বিচারের দ্বারস্থ হতে চান না। নারীপক্ষের সদস্য রীতা দাশ রায় বলেন, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পুরুষদের ভূমিকা সর্বক্ষেত্রে নেই। আমরাই পারি ক্যাম্পেইনের জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক বলেন, আইন থাকলে তা সাহস জোগায়। কিন্তু যেটা অন্যায়, সেটা বলার জন্য আইন জরুরি নয়। প্ল্যান বাংলাদেশের কর্মকর্তা শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, ‘সরকার আইন করেছে। কিন্তু আইন বাস্তবায়নে তেমন কিছু উদ্যোগ নিয়েছে বলে মনে করি না। এ জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে।’ গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।