পারিশ্রমিক বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি
পারিশ্রমিক বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার হ্যাসাং কোরিয়া নামে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। আশুলিয়া থানা পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ওই কারখানার শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধ করা হয়। বেতন পেয়ে শ্রমিকেরা সোয়েটার প্রতি পারিশ্রমিক কম দেওয়ার অভিযোগ এনে পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা বাড়ি চলে যান। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে কাজে যোগ দেন। এর পর শ্রমিকদের একটি অংশ তাঁদের পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কিন্তু কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড় থাকলে সকাল সাড়ে নয়টার দিকে পাঁচ শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে কর্মবিরতি পালন শুরু করেন। ঘটনাস্থলে কর্তব্যরত আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাছিরুল পারিশ্রমিক বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতি পালনের বিষয়টি নিশ্চিত করেছেন।