পার্ক ও খেলার মাঠের সীমানা নির্ধারণে হাইকোর্টের নির্দেশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৬৮টি পার্ক ও ১০টি খেলার মাঠের সীমানা নির্ধারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে খেলার মাঠ পরিচালনার জন্য নির্মিত স্থাপনা ব্যতীত অননুমোদিত সব স্থাপনা ও দখল উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে সীমানা নির্ধারণ করতে বলা হয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত অগ্রগতি আগামী ১০ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।জানা যায়, রাজধানীর পার্ক ও খেলার মাঠ রক্ষার নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ রিট আবেদনটি করেছিল। এই রিটের পরিপ্রেক্ষিতে ২০০৩ সালে হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত।রিট আবেদনকারীর পক্ষে সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ টি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।