পার্বতীপুর পৌরবাসী দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুর পৌরসভার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও মহল্লার প্রধান প্রধান সড়ক, গলিপথ ও পয়োনিষ্কাষণ নালা দীর্ঘ দিন ধরে সংস্কার ও উন্নয়ন না হওয়ায় প্রতি বছর বর্ষায় শহরের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সংস্কার না হওয়ায় রাস্তাগুলোর ইট-খোয়া উঠে খানাখন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়।সরেজমিনে দেখা গেছে, শহরের পুরাতন বাজার প্রধান সড়কের থানা মোড় থেকে কালিবাড়ী মসজিদ পর্যন্ত সড়ক, পৌর মিলনায়তনের সামনে থেকে স্টেশন রোড সংযোগ সড়ক, নতুন বাজারের সিঙ্গারের মোড় থেকে উত্তর সিনেমা হল মোড় পর্যন্ত সড়ক, খোলাহাটি রোডের সঙ্গে সংযোগস্থাপনকারী মুড়িহাটী সড়ক, প্রেসক্লাব সড়ক, শহরের ঘনবসতিপূর্ণ রোস্তমনগর, নূরনগর ও মুজিবাবাদ মহল্লার বিভিন্ন সড়ক ও গলিপথ খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতে এসব রাস্তায় কাদাপানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কালিবাড়ী মহল্লার আমিনুল হক দাবি করেন, ১৯৭২ সালে পার্বতীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর গত ৩৮ বছরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি। নুরুনগর মহল্লার অধ্যাপক মমিনুর রহমান অভিযোগ করেন, মহল্লার লোকজন পৌর মেয়রের সঙ্গে অনেক বার দেখা করে তাদের মহল্লার সড়কটি সংস্কারের আবেদন জানিছে, কিন্তু কোনো কাজ হয়নি। মহল্লার সড়কটি বর্ষাকালের প্রায় পুরো সময় পানিতে ডুবে থাকে। শহরের কেন্দ্রস্থলের প্রেসক্লাব রোডের ব্যবসায়ী কমল কুমার জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে এ রাস্তায় হাঁটু পানি জমে, এতে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে। রোস্তম নগর মহল্লার নুর-ই-আলম মাস্টার জানান, তাঁদের মহল্লায় ইট বিছানো ৪০ বছরের পুরোনো রাস্তাটি (গলিপথ) দীর্ঘদিন সংস্কার না করায় আশপাশের স্থানের চেয়ে নিচু হয়ে গেছে। ফলে সারা বর্ষা মৌসুমে পানি ভেঙে মহল্লার লোকজনকে চলাচল করতে হয়। অন্যদিকে নামাপাড়া ও মুজিবাবাবাদ মহল্লার নর্দমা ভরাট হয়ে যাওয়ায় এবং নিয়মিত পরিষ্কার ও সংস্কার না করায় প্রতি বছর বর্ষাকালে মহল্লার রাস্তাঘাটে বর্ষার পানি আর ড্রেনের পানি একাকার হয়ে যায়।পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক জানান, পৌর পরিষদের এ সমস্যাগুলোকে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলোর সমাধান করা হবে।