ষাট বছরের বেশি পুরোনো জরাজীর্ণ দ্বিতল ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এ ভবনেই পার্বতীপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বছরে কোটি টাকার ওপর রাজস্ব আদায় করে সরকারের কোষাগারে জমা দিচ্ছেন। জানা গেছে, পার্বতীপুর শহরের জ্ঞানাঙ্কুর স্কুলের পাশে ভাড়া বাড়িতে ১৯৪৮ সালে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয়। পরে ১৯৭২ সালে অবাঙালিদের রেখে যাওয়া আমিরগঞ্জের একটি জরাজীর্ণ দ্বিতল ভবনে অফিস স্থানান্তর করা হয়। সেই থেকে অদ্যাবধি সেখানেই দলিল সম্পাদনের কাজ চলে আসছে। দ্বিতল ভবনটির বর্তমানে নাজুক অবস্থা। ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। দরজা-জানালার কাঠে পচন ধরেছে, মেঝে হয়েছে এবড়ো-খেবড়ো; ছাদের রড বের হয়েছে। বর্ষাকালে ছাদ চুয়ে পানি পড়ে গুরুত্বপূর্ণ দলিলপত্র ভিজে নষ্ট হয়। ব্যবহারের অনুপযোগী এ ভবনেই একজন সাব-রেজিস্ট্রার, ছয়জন কর্মচারী ও ৩৫ জন নকলনবিশ কাজ চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে প্রাণহানির আশঙ্কা করেছেন পার্বতীপুর উপজেলা প্রকৌশলী মো. মুসা। এদিকে ৮৭ জন দলিল লেখকের বসার কোনো জায়গা না থাকায় রাস্তার দুই ধারে বসে নানা বিড়ম্বনার মধ্য দিয়ে দলিল সম্পাদনের কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। দলিল লেখক রেজওয়ানুল হক দুলু জানান, বর্ষা মৌসুমে জমি ক্রেতা-বিক্রেতাসহ দলিল লেখকদেরই বেশি বিড়ম্বনার মুখে পড়তে হয়। দলিল লেখক কাজী আ. গফুর, আবুল কাশেমসহ অন্যরাও একই কথা বলেন। নকলনবিশ তুলি রহমান জানান, বর্ষাকালে অফিসে বসে দলিলের কপি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। পার্বতীপুর সাব-রেজিস্ট্রার আবদুর রকিব সিদ্দিক জানান, তিন মাস হলো তিনি পার্বতীপুরে এসেছেন। জীবনের ঝুঁকি নিয়ে এখানে অফিস করতে হচ্ছে। ইতিপূর্বে কয়েক দফা জেলা রেজিস্ট্রারের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে ভবন সংস্কার/নির্মাণের আবেদন করা হয়েছিল বলে তিনি জানান। জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কার করে ব্যবহারের উপযোগী নতুবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন বলে তিনি জানান।