পার্বতীপুরে তিন দিনমজুর পরিবার সাড়ে চার মাস অবরুদ্ধ
প্রভাবশালী প্রতিবেশীর কথামতো কাজ না করায়, বাড়িতে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে অবরুদ্ধ করে ফেলা হয়েছে পার্বতীপুরের তিন দিনমজুরের পরিবারকে। দীর্ঘ সাড়ে চার মাস অবরুদ্ধ হয়ে আছে ওই পরিবারগুলো। ঘটনাটি ঘটেছে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বড় হরিপুরের তফুর পাড়ায়। পুলিশ, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের কাছে বারবার ধরনা দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য অহিদুল, ইয়াকুব ও বছির।গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, প্রায় সাড়ে চার মাস আগে এক রাতে কালবৈশাখী ঝড়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনাসদস্য আমিনুল ইসলামের একটি মাঝারি আকারের কদম গাছের আগা ভেঙে পড়ে। অথচ আমিনুল ইসলাম অভিযোগ করেন, অহিদুল ও তাঁর আত্মীয়রা রাতের বেলা গাছের আগা আংশিক কেটে রাখায় ঝড়ে তা ভেঙে পড়েছে। কথিত এই অপরাধে আমিনুল ক্ষিপ্ত হয়ে পরদিন ওই তিন পরিবারের বাড়িতে যাওয়া-আসার একমাত্র পথটি বন্ধ করে দেন। এ ঘটনায় হতবাক পরিবার তিনটি এর প্রতিকার চেয়ে পাড়ার মসজিদে বিচার দাবি করে। কিন্তু মসজিদ কমিটির কর্তাব্যক্তিরা কোনো সমাধান দিতে না পারায় তারা স্থানীয় ওয়ার্ডের সদস্য জালাল ও ইউপি চেয়াম্যান এমদাদুল হকের শরণাপন্ন হয়। ইউপি চেয়ারম্যান ও জালাল সরেজমিন পরিদর্শন করে এবং দুই পক্ষের সঙ্গে কথা বলে রাস্তার প্রতিবন্ধকতা সরিয়ে নিতে আমিনুলকে অনুরোধ করেন। কিন্তু আমিনুল ইসলাম জায়গাটি তাঁর দাবি করে বেড়া তুলে নেওয়া সম্ভব নয় বলে জানান।অন্যদিকে তিন পরিবারের দাবি, রাস্তাটি তাদের পৈতৃক বসতভিটারই অংশ। অবরুদ্ধ দিনমজুর ইয়াকুব, অহিদুল ও বছিরের আশঙ্কা, তাঁদের বসতভিটার ০ দশমিক ৯ শতক জমি গ্রাস করতেই আমিনুল এ জুলুম শুরু করেছেন। আমিনুল চাইছেন, তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবার তিনটি তাঁর কাছে ভিটেমাটি বিক্রি করে অন্যত্র চলে যাক। এ অবস্থায় ওই তিন পরিবার সর্বশেষ ৭ জুন এ ঘটনার প্রতিকার চেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল ফেরদৌসের কাছে লিখিত আবেদন করে। ইউএনও বিষয়টি সুরাহা করতে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।গত ২৫ আগস্ট পার্বতীপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক ঘটনা তদন্তে গ্রামটিতে যান। এ সময় দুই পক্ষের কাগজপত্র দেখে আমিনুলকে রাস্তার প্রতিবন্ধকতা তুলে নেওয়ার নির্দেশ দেন। এদিকে পাড়ার লোকজন শান্তির নিশ্বাস ফেলে। তদন্ত কর্মকর্তা জানান, অবরুদ্ধ তিন পরিবার ৫০-৬০ বছর ধরে রাস্তাটি ব্যবহার করছে বলে গ্রামবাসী তাঁকে জানিয়েছেন। এ ছাড়া দলিলপত্রে দেখা গেছে, জায়গাটি তাঁদের কেনা জমির অংশ। ১৪ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, অবরুদ্ধ তিন পরিবারের লোকজন বেড়া ডিঙিয়ে কাদামাটি ভেঙে ঝোপ-জঙ্গলের ভেতর দিয়ে বাড়ির বাইরে যাতায়াত করছে।এ সময় কথা হয় অবরুদ্ধ পরিবারের এক বয়োবৃদ্ধ সদস্য কাছুয়ানী বেওয়ার (৮০) সঙ্গে। তিনি কাঁদো কাঁদো স্বরে বলেন, ‘এমনিতে তো হাঁটিবার পারো না, ঘাটাও বন্ধ, খুব কষ্ট করি বাইরোত যাবার লাগে।’ইউপি চেয়ারম্যান এমদাদুল হক বলেন, ‘আমি খুব চেষ্টা করেছি সমস্যাটি মিটিয়ে ফেলার, কিন্তু প্রতিপক্ষ রাজি না হওয়ায় এখনো সমাধান করা সম্ভব হয়নি।’একই বিষয়ে মতামত জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘তারা আমার বিরুদ্ধে থানায় মামলা করেছে। আদালতেই এর নিষ্পত্তি হবে। তার আগে কোনোভাবেই তাদের রাস্তা ছাড়ব না।’