পার্বতীপুরে রিবন রেটিং পদ্ধতি সাড়া ফেলেনি
পার্বতীপুরে পাট চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে ও উন্নত পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে পাটের উৎপাদন বাড়াতে সরকারি কর্মসূচি সাফল্যের মুখ দেখেনি। সময়মতো উপকরণ ও আর্থিক সহায়তা কৃষকের হাতে না পৌঁছানো এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাটচাষি ও উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, পাট চাষে কৃষকদের আগ্রহী করতে ও রিবন রেটিং (পাট জাগ দেওয়ার উন্নত পদ্ধতি) পদ্ধতিতে পাটের উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার পার্বতীপুরে কৃষকদের ১৬ লাখ ৭৫ হাজার ২০০ টাকা বরাদ্দ দেয়। আট হাজার ৩৭৬ পাটচাষির প্রত্যেককে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। এ ছাড়া ‘রিবন রেটিং’ পদ্ধতিতে পাট জাগ দেওয়ার জন্য উপজেলার ১০ ইউনিয়নে ৮৪টি ‘রিবনার’ (কাঁচা পাটগাছের ছাল ছাড়ানোর যন্ত্র) প্রদান করা হয়। কৃষি বিভাগ ও পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বতীপুরে চৈত্রের শেষ ও বৈশাখের প্রথম ভাগে পাট চাষ শুরু হয়। শ্রাবণ মাসের মধ্যে ওই পাট তুলে একই জমিতে বিলম্ব জাতের রোপা আমন বা কাটারি জাতের ধান লাগানো হয়। এ বছর পাট চাষের শুরুর দিকে কৃষি বিভাগ উপজেলার পাটচাষিদের তালিকা প্রস্তুত করে। কিন্তু কৃষক পর্যায়ে ভর্তুকি ও রিবনার বিতরণে বিলম্ব হওয়ায় পাটচাষিরা ইতিমধ্যে পাট কেটে পুরোনো পদ্ধতিতে পাটের আঁশ সংগ্রহের কাছ শুরু করে দেয়। উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিন ঘুরে ও পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকৃতপক্ষে পাট আহরণের নতুন প্রযুক্তি তাদের কাছে সময়মতো পৌঁছায়নি। কথা হয় মন্মথপুর ইউনিয়নের তাজনগর মাঝাপাড়া গ্রামের পাটচাষি মোজাহার (৫০), আবু কালাম (৩৮), খোড়াখাই চককৃষ্ণপুর গ্রামের ডোমনা চৌহান (৬০) ও হাজীপাড়া গ্রামের শরিফুল ইসলামের (৩৮) সঙ্গে। আবু কালাম ও আজাহার দেড় বিঘায়, ডোমনাচৌহান পৌনে পাঁচ বিঘায় ও শরিফুল এক বিঘা জমিতে পাটের আবাদ করেন। ইতিমধ্যে তাঁরা পুরোনো পদ্ধতিতে পাট ঘরে তুলেছেন। ডোমনাচৌহান জানান, তিনি রিবন রেটিং কী, জানেন না। ভর্তুকি তালিকায়ও তাঁর নাম লেখা হয়েছেন কিনা, তাও বলতে পারেন না। শরিফুল জানান, রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ সংগ্রহ ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হওয়ায় তিনি পুরোনো পদ্ধতিতেই পাট জাগ দিয়েছিলেন। মন্মথপুর ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা বঙ্কিমচন্দ্র জানান, প্রতি বিঘা (৩৩ শতক) জমির পাট রিবন রেটিং পদ্ধতিতে জাগ দিতে ছয় মিটার দীর্ঘ, দুই মিটার প্রস্থ ও এক মিটার গভীর একটি কৃত্রিম জলাশয় তৈরি করতে হয়। এতে পলিথিন, লেবার ও অন্যান্য উপকরণসহ খরচ পড়ে আট থেকে ৯০০ টাকা। ভর্তুকির ২০০ টাকায় তা কোনোক্রমেই সম্ভব নয়। তার পরও আমরা প্রতি ইউনিয়নে নিজ খরচে চার-পাঁচটি করে ‘রিবন রেটিং’ পদ্ধতির প্রর্দশনীর আয়োজন করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা মকবুল হোসেন প্রামাণিক জানান, চলতি বছর পার্বতীপুরে ৭৪৩ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। আমরা সরকারি কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছি। এর সাফল্য ও ব্যর্থতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নিরুপণ করবে।