পার্বতীপুরে শুরু হলো স্কুল থিয়েটারের পথচলা
পার্বতীপুর থিয়েটারের উদ্যোগে পার্বতীপুরের বিভিন্ন স্কুলে থিয়েটার কার্যক্রমের উদ্বোধন হয়ে গেল ১৭ সেপ্টেম্বর। পার্বতীপুর পৌরসভা অডিটরিয়াম মঞ্চে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম।উদ্বোধনী অনুষ্ঠানে পার্বতীপুরে স্কুলথিয়েটার কার্যক্রমের উদ্যোক্তা ও পার্বতীপুরের অগ্রণী নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোজাফ্ফর হোসেন বলেন, ‘পার্বতীপুরে প্রতিটি স্কুলেই পর্যায়ক্রমে থিয়েটার কার্যক্রম চালু করা হবে। শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় করে মাদক, সন্ত্রাস ও ইভ টিজিংমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’ উদ্বোধনী অনুষ্ঠানের পরপর তিনটি নাটক মঞ্চায়িত হয়। নাটকগুলো হচ্ছে পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ থিয়েটারের পরিবেশনায় সুকুমার রায়ের নাটক অবাক জলপান ও জ্ঞানাঙ্কুর স্কুলথিয়েটার নাটক সুকুমার রায়ের হিংসুটে। নাটক দুটির নির্দেশনায় ছিলেন নাট্যকর্মী সোনিয়া আকতার। সবশেষে মঞ্চায়িত হয় পার্বতী থিয়েটারের নাটক অপু আমানের পেজগী। নাটকটির নিদের্শনায় ছিলেন পার্বতীপুরের বিশিষ্ট নাট্যজন মোজাফ্ফর হোসেন। তিনটি নাটকই দর্শকনন্দিত হয় এবং শিশু-কিশোরদের প্রাণবন্ত অভিনয়ও দর্শকদের মুগ্ধ করে রাখে।