পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন অবৈধ ও বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রের একক চরিত্র ধ্বংস করা ও সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী আঞ্চলিক পরিষদ কোনো স্থানীয় সরকার ব্যবস্থা নয় এবং এ আইনে পরিষদকে প্রশাসনিক বিভাগ হিসেবে সংজ্ঞায়িত না করা—এ দুটি যুক্তি তুলে ধরে আদালত আইনটি বাতিল ঘোষণা করেন।এর ফলে আঞ্চলিক পরিষদ আইনের অধীনে গঠিত আঞ্চলিক পরিষদ কার্যকারিতা হারিয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক। অন্যদিকে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, সরকারের অনুমতি নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।দুই দিনের রায়ে আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে—এ কথা জানিয়ে সনদ দিয়ে, রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য সরকারপক্ষের আরজি খারিজ করে দিয়েছেন আদালত।এ ছাড়া সংশোধিত তিন পার্বত্য জেলা পরিষদ আইনের উপজাতীয় হেডম্যানের (প্রধান ব্যক্তি) কাছ থেকে অউপজাতীয় কি না, এর সনদ নেওয়া, পার্বত্য অঞ্চলে জমি না থাকলে ভোটার হওয়া যাবে না এবং জেলা পরিষদে চাকরির ক্ষেত্রে উপজাতীয়দের অগ্রাধিকার—এ সংক্রান্ত চারটি ধারা অসাংবিধানিক বলে বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনগ্রসর শ্রেণী নির্ধারণের জন্য কমিশন বা সংস্থার কথা উল্লেখ করে আদালত পাঁচ দফা দিকনির্দেশনা দিয়েছেন।রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘শান্তিচুক্তি একই রাষ্ট্রের মধ্যে বিবাদমান দুটি পক্ষের মধ্যে অন্তরাষ্ট্রীয় রাজনৈতিক সমঝোতা। এটিকে শান্তিচুক্তি হিসেবে গণ্য করা যায় না। এর মাধ্যমে সংঘাতে লিপ্ত দুটি পক্ষ অস্ত্রসমর্পণে সম্মত হয়েছিল, যার মধ্য দিয়ে শান্তির শর্তাবলি নির্ধারিত হয়েছে। এ জন্য আমরা মনে করি না, যে সংবিধানের ১৪৫(১) ও (এ) অনুযায়ী এটি চুক্তি নয়। শুধু রাজনৈতিক চুক্তি, যার মাধ্যমে বাংলাদেশ সরকার ও উপজাতীয় প্রতিনিধিদের মধ্যে সশস্ত্র বৈরিতা সমাপ্তির লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন হয়েছিল। এটি দুটি পক্ষের মধ্যে রাজনৈতিক সমঝোতা। এ কারণে এটি বিচারবিভাগীয় পর্যালোচনার বিষয় নয়।’ এ ছাড়া আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, একটি অনগ্রসর গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে রাষ্ট্রের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, যা সংবিধানের ২৭ অনুচ্ছেদের লঙ্ঘন।