দুই মন্ত্রণালয়কে কমিশনের নোটিশ
পার্বত্য এলাকায় দুই সপ্তাহের মধ্যে ভূমি জরিপ শুরু করুন
পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এলাকায় দুই সপ্তাহের মধ্যে ভূমি জরিপ কার্যক্রম শুরু করার জন্য দুই মন্ত্রণালয়কে ‘আদেশ’ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন। অন্যথায় পার্বত্য ও ভূমি মন্ত্রণালয়ের দুই সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশনের নোটিশে উল্লেখ করা হয়।কমিশনের নোটিশে বলা হয়, ‘পার্বত্য এলাকায় জরিপ শুরু করার জন্য কমিশনের দেওয়া এ আদেশ চূড়ান্ত। এ আদেশের লঙ্ঘন অথবা ভঙ্গ করা হলে তা হবে আদালত অবমাননার শামিল ও শাস্তিযোগ্য।’ কমিশনের আদেশ অবমাননা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়।গত মাসে বিরোধ নিষ্পত্তির আগে পার্বত্য তিন এলাকায় ভূমি জরিপ শুরু না করতে কমিশনকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের তিন রাজা—চাকমা রাজা দেবাশীষ রায়, বোমাং রাজা অং সোয়ে প্রু চৌধুরী ও মং রাজা সাচিং প্রু চৌধুরী ওই চিঠি পাঠান। এর পরই কমিশন দুই মন্ত্রণালয়কে এই নোটিশ দিল।নোটিশের বিষয়ে জানতে চাইলে ভূমিসচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার কমিশনের নেই। এটি কোনো আদালত নয়, এটি বিরোধ নিষ্পত্তি করার কমিশন। কমিশনের কাজ হচ্ছে বিরোধ নিষ্পত্তি করা।ভূমিসচিব জানান, ভূমি জরিপ ও বিরোধ নিষ্পত্তির মধ্যে কোনটি আগে শুরু হবে, তার সুরাহা করতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে পার্বত্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।কমিশনের নোটিশে জানানো হয়, ‘কমিশন উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে ভূমি মন্ত্রণালয় বা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় জরিপ শুরু করার মতো জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের এখন পর্যন্ত কোনো কর্মসূচি গ্রহণ করেনি। অন্যদিকে সরকারি কর্মকর্তা ও বহিরাগত ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে কমিশনের আইনি কার্যক্রমে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। ফলে চুক্তি বাস্তবায়ন ও ভূমিবিরোধ নিষ্পত্তিকরণ কর্মসূচি সার্বিকভাবে বিঘ্নিত ও বাধাগ্রস্ত হচ্ছে।’জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি গত সোমবারই কমিশনের নোটিশ পেয়েছি। জরিপের বিষয়টি আমাদের নয়, ভূমি মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। আমরা কমিশনের যেসব কারিগরি সুবিধা দরকার, তা দিয়েছি। এখন সব উদ্যোগ নেবে ভূমি মন্ত্রণালয়।’পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, জরিপ শুরু করার জন্য বারবার নোটিশ দেওয়ার পরও এখতিয়ারবহির্ভূতভাবে জরিপ শুরু করার কমিশনের আদেশ মানা হচ্ছে না। জরিপ না শুরু করার জন্য কমিশনকে কোনো যৌক্তিক কারণও জানানো হয়নি। চেয়ারম্যান বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তি ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা খুব জরুরি। জরিপ কার্যক্রম শুরু না হলে পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা, পার্বত্য এলাকাবাসীর সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে সরকারের সব উদ্যোগ ব্যর্থ প্রমাণিত হবে।নোটিশে বলা হয়, ‘উপজাতীয় পরিবারের ভূমি মালিকানা নিশ্চিত করতে প্রতিটি উদ্বাস্তু পরিবারকে দুই একর ভূমি বন্দোবস্ত দেওয়ার যে নির্দেশনা চুক্তিতে রয়েছে, তা বাস্তবায়ন করতে হলে মৌজাওয়ারি মাঠপর্যায়ে ভূমি জরিপ অপরিহার্য। জেলা প্রশাসকের প্রতিবেদন, প্রচলিত আইন ও সার্বিক অবস্থা বিবেচনায় কমিশন জরিপ কার্যক্রম শুরু করার বিষয়ে একমত পোষণ করে। সে মতে, কমিশন-সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর আগামী দুই মাসের মধ্যে ভূমি ও রেকর্ডসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি জরিপ কার্যক্রম শুরু করে, তা অবিলম্বে শেষ করার নির্দেশনা জারি করে। কিন্তু ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।’কমিশন আইনের ধারা ৬-এর তিন উপধারা অনুসারে, ‘কমিশনের অর্পিত দায়িত্ব ও কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যেকোনো সরকারি বা সংঘবিধিবদ্ধ সংস্থার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বা কাগজপত্র সরবরাহের এবং প্রয়োজনে কর্তৃপক্ষের যেকোনো কর্মকর্তাকে স্থানীয় তদন্ত পরিদর্শন বা জরিপের ভিত্তিতে দাখিলের নির্দেশ দিতে পারবেন।’