পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম আবার অশান্ত হয়ে উঠবে। চুক্তি বাস্তবায়নে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এক গণসমাবেশে সন্তু লারমা আরও বলেন, চুক্তি করা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের জন্য। ১৪ বছরেও সেই চুক্তি বাস্তবায়িত না হওয়ায় সমস্যাগুলো রয়েই গেছে। তাই পার্বত্য চট্টগ্রামও শান্ত থাকবে না।ওই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতারা পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে জেএসএসের ঘোষিত আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাঁরা বলেন, পার্বত্য ও সমতলের আদিবাসীদের সামনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। এই আন্দোলনে তাঁরা আদিবাসীদের পাশে তো থাকবেনই, আলাদা কর্মসূচিও দেবেন।পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে জেএসএস ও বাংলাদেশ আদিবাসী ফোরাম যৌথ উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জেএসএসের মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে মধ্য সত্তর দশক থেকে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটায়। কিন্তু এত দিনেও চুক্তির মৌলিক বিষয়গুলোর একটিও বাস্তবায়িত হয়নি। এই প্রেক্ষাপটে জেএসএস গত বৃহস্পতিবার চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।সমাবেশে সভাপতির বক্তব্যে সন্তু লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য আবেদন-নিবেদন, দাবি-দাওয়া অনেক করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারই গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করেনি। বর্তমান সরকারও করছে না। পার্বত্য চুক্তি বাস্তবায়নের সদিচ্ছা কিংবা আন্তরিকতা কোনোটাই এই সরকারের নেই।সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে জেএসএসের সভাপতি বলেন, এই সংশোধনীর মাধ্যমেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে সরকার প্রমাণ করেছে যে তারা উগ্র জাতীয়তাবাদী। রাষ্ট্রধর্ম বহাল রাখায় প্রমাণিত হয়েছে যে সরকার সাম্প্রদায়িক।ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে জুম্ম জনগণের সামনে আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি ওই আন্দোলনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এই আন্দোলনে আদিবাসীদের পাশে থাকার জন্য দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সব মানুষের প্রতি আহ্বান জানান।সংবিধানের পঞ্চম সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়া প্রসঙ্গে মেনন বলেন, ‘সংসদে অনেক চি ৎকার করেছি। বিভিন্ন সভায় আপত্তি (নোট অব ডিসেন্ট) দিয়েছি। কিন্তু কাজ হয়নি। বাহাত্তরের সংবিধানের সেই ভুল এবার মহাভুল হয়ে সংবিধানে বহাল রইল।’লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, তিন মাসের মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশের অসাম্প্রদায়িক বাঙালিদের প্রতিনিধিরা ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করবেন। আদিবাসীদের আন্দোলনেও সব সময় পাশে থাকবেন। তিনি বলেন, চুক্তি করে তা বাস্তবায়ন না করা একধরনের প্রতারণা। অগণতান্ত্রিক শাসনব্যবস্থায় এ রকম প্রতারণা ঘটে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় তা কাঙ্ক্ষিত নয়। তিনি দাবি করেন, সরকারকে এখন চুক্তিটি বাস্তবায়ন অথবা বাতিল ঘোষণা করতে হবে।গণসমাবেশে এ ছাড়াও তথ্য কমিশনার সাদেকা হালিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডালেম চন্দ্র বর্মণ, রোবায়েত ফেরদৌস, সিপিবির সহসাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নারীনেত্রী রোকেয়া কবির, মানবাধিকারকর্মী রোচলিন কস্তা, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, মানুষের জন্য ফাউন্ডেশনের তন্দ্রা চাকমা, সমতলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, পাহাড়ি ও সমতলের আদিবাসীদের বিভিন্ন ছাত্রসংগঠনের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন।তাঁরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসী জাতিসমূহের সাংবিধানিক স্বীকৃতির আন্দোলন জোরদার করার উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।