পার্বত্য চট্টগ্রাম আবার অশান্ত হবে: সন্তু লারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম আবার অশান্ত হয়ে উঠবে। চুক্তি বাস্তবায়নে কঠোর আন্দোলন করা হবে।আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক গণসমাবেশে সন্তু লারমা বলেন, চুক্তি করা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের জন্য। ১৪ বছরেও সেই চুক্তি বাস্তবায়িত না হওয়ায় সমস্যাগুলো রয়েই গেছে। তাই পার্বত্য চট্টগ্রামও শান্ত থাকবে না।ওই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতারা পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে জেএসএসের ঘোষিত আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাঁরা বলেন, পার্বত্য ও সমতলের আদিবাসীদের সামনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। এ আন্দোলনে তাঁরা আদিবাসীদের পাশে তো থাকবেনই, আলাদা কর্মসূচিও দেবেন।পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে জেএসএস ও বাংলাদেশ আদিবাসী ফোরাম যৌথ উদ্যোগে ওই সমাবেশের আয়োজন করে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জেএসএসের মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে মধ্য সত্তরের দশক থেকে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটায়। কিন্তু এত দিনেও চুক্তির মৌলিক বিষয়গুলোর একটিও বাস্তবায়িত হয়নি। এ প্রেক্ষাপটে জেএসএস গতকাল বৃহস্পতিবার চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাংসদ রাশেদ খান মেনন বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে জম্মু জনগণের সামনে আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি ওই আন্দোলনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এ আন্দোলনে আদিবাসীদের পাশে থাকার জন্য তিনি দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সব মানুষের প্রতি আহ্বান জানান।গণসমাবেশে এ ছাড়া তথ্য কমিশনার সাদেকা হালিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডালেম চন্দ্র বর্মণ, রোবায়েত ফেরদৌস, সিপিবির সহসাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নারীনেত্রী রোকেয়া কবির প্রমুখ উপস্থিত ছিলেন।