পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে ইইউর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার
পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে বলেছে, এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক। কারণ, কোনো সরেজমিন তদন্ত কিংবা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এ বিবৃতি দেওয়া হয়নি।ইইউ গত শুক্রবার এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের সহিংস ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধির মুখপাত্র এবং ইউরোপীয় কমিশনের সহসভাপতির বিবৃতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের বন্ধুদের পূর্ণ আস্থা ও সহযোগিতা সরকার আশা করে। সরকার পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়। ভিত্তিহীন বিবৃতি এ প্রক্রিয়ার সহায়ক হবে না, বরং তা ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের উসকে দেবে। বাংলাদেশ আশা করে, ইইউ ইতিবাচক আচরণের মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দেবে।’সরকার মনে করে, এ ধরনের বিবৃতি দেওয়া একটি দুঃখজনক ঘটনা। কারণ, ইইউর পক্ষ থেকে ঘটনার সরেজমিন তদন্ত ও বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিবৃতি তৈরি করা হয়নি। তাই যে অভিযোগ ইইউর পক্ষ থেকে তোলা হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে কোনো প্রমাণ নেই।