পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনের সংশোধনী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর সংশোধনী চূড়ান্ত হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় ১৩টি সংশোধনী চূড়ান্ত করা হয়। সংসদের আগামী আধিবেশনে এগুলো বিল আকারে উত্থাপন করা হবে।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি যে সংশোধনী প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, সেগুলোই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই সংশোধনীর ফলে সংবিধানের কোনো বিধান লঙ্ঘিত হবে না। সভার সভাপতি আইনমন্ত্রী বলেন, আইন সংশোধন হলেই পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ ত্বরান্বিত হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হবে। চাকমা রাজা দেবাশীষ রায় সাংবাদিকদের বলেন, আইন সংশোধনের বিষয়ে সবার ঐকমত্য হওয়ায় একটি বড় অগ্রগতি হলো।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জাতীয় জনসংহতি সমিতির (জেএসএস) নেতা গৌতম কুমার চাকমা বলেন, ‘সংশোধনীর জন্য যে ১৩টি বিষয় গ্রহণ করা হয়েছে, এ ব্যাপারে আমরা সবার সঙ্গে একমত পোষণ করি। এই ১৩টি বিষয় সংশোধন করা হলে আইনটি বাস্তবায়নযোগ্য হবে।’ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জেএসএসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর ওই অঞ্চলের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য ২০০১ সালে সংসদ একটি আইন পাস করে। আইন পাসের আগে এ বিষয়ে জেএসএসের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এরপর জেএসএস ওই আইন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্যে ২৩টি অসামঞ্জস্য বের করে সেগুলো সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব দেয় এবং এসব সংশোধন ছাড়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর না করার দাবি তোলে।২০০২ সাল থেকে প্রতিটি সরকার জেএসএসের ওই সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা ও সংশোধনের বিষয়ে একমত পোষণ করেছে। কিন্তু রহস্যজনক কারণে কখনোই বিষয়টি চূড়ান্ত করে আইনটি পাস করা হয়নি। ফলে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনও কার্যকর হতে পারেনি। ওই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্যতম প্রধান বিষয় ভূমিবিরোধও নিষ্পত্তি হয়নি।জেএসএসের একটি সূত্র গতকাল প্রথম আলোকে বলেছে, এখনো অনেক বাধা আসতে পারে। সভায় যেভাবে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে, সেভাবে কার্যবিবরণী নাও লেখা হতে পারে। সংসদে উত্থাপনের জন্য বিলে কী লেখা হয়, সেটাও দেখার বিষয় হবে।গতকালের সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রামের শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, ভূমিসচিব মোখলেসুর রহমান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, মং রাজা সাচিং প্রু চৌধুরী, বোমাং রাজার প্রতিনিধি চহ্লা প্রু জিমি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।