পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আছে, নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত কমিশন আবারও অকার্যকর হলো। কারণ, বিতর্ক সৃষ্টি হওয়ায় বর্তমান কমিশনের কার্যক্রম বন্ধ রাখতে একটি চিঠি দেওয়া হয়েছে। তা ছাড়া বর্তমান কমিশনের মেয়াদ আছে আর এক বছর।ভূমি কমিশন অকার্যকর হওয়ায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রধান মৌলিক বিষয় ভূমিবিরোধ নিষ্পত্তি এবং ওই অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রক্রিয়া আরও পিছিয়ে গেল। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, সরকার চাইলে গত দুই বছরের মধ্যে ভূমি কমিশন আইন সংশোধন করে ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ অনেক দূর এগিয়ে নিতে পারত।চুক্তি বাস্তবায়ন কমিটির চিঠি: গত ৫ মে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, সরকার ভূমি কমিশনের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছে। ভূমি কমিশন আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে।তবে ওই চিঠি পাওয়ার এক মাস পর গত সপ্তাহেও ভূমি কমিশনের চেয়ারম্যান খাগড়াছড়িতে কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে চলমান কাজকর্মের তদারক করে গত শনিবার ঢাকায় ফিরে এসেছেন।জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, এ ধরনের চিঠি দেওয়া চুক্তি বাস্তবায়ন কমিটির এখতিয়ারবহির্ভূত। এটি সরকারের কোনো সিদ্ধান্ত নয়। কমিশনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা। তেমন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কমিশন তার আইনের অধীনে কাজ করে যেতে বাধ্য।সূত্রমতে, চুক্তি বাস্তবায়ন কমিটির ওই চিঠি ভূমি মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। তবে সেখান থেকে কমিশনকে কিছু বলা হয়নি।সমস্যার শুরু: ২০০৯ সালের ১৯ জুলাই বর্তমান ভূমি কমিশন পুনর্গঠনের পর কমিশনের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য আগে সেখানে ভূমি জরিপের কথা বলেন। কিন্তু জনসংহতি সমিতিসহ পার্বত্য চট্টগ্রামের সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, তিনটি সার্কেলের প্রধানেরা (তিন রাজাসহ) এর বিরোধিতা করেন। তাঁরা দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী আগে ভূমিবিরোধ নিষ্পত্তি করতে হবে। আর এরও আগে করতে হবে চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ভূমি কমিশন আইনের প্রয়োজনীয় সংশোধন।এ পরিস্থিতির মধ্যেও ভূমি কমিশন বিরোধ নিষ্পত্তির জন্য সাধারণ মানুষের কাছ থেকে দরখাস্ত আহ্বান, নিষ্পত্তির কার্যক্রম উদ্বোধনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যায়।২৬ ডিসেম্বরের বৈঠক: এ পরিস্থিতিতে গত বছরের ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর খাগড়াছড়িতে ভূমি কমিশনের প্রধান কার্যালয়ে ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সৈয়দা সাজেদা চৌধুরী ২৬ ডিসেম্বর খাগড়াছড়ি পৌঁছে সন্ধ্যায় সার্কিট হাউসে বৈঠক করে সেখান থেকেই ঢাকায় চলে আসেন।ওই বৈঠকে আঞ্চলিক পরিষদের প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, চুক্তি বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য যতীন্দ্রলাল ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সন্তু লারমা সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ভূমি কমিশনের বিরোধ নিষ্পত্তি কর্মসূচি ও পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে ওই খবর দেখে ভূমি কমিশনের চেয়ারম্যান উদ্বোধন কার্যক্রম স্থগিত করেন।কমিশনের ‘তথ্য বিবরণী’: গত ২৪ এপ্রিল ভূমি কমিশন ‘তথ্য বিবরণী’তে বলে, কমিশনের কাজ একবার শুরু হলে তা স্থগিত বা বন্ধ করার কোনো আইনি বিধান নেই। প্রধানমন্ত্রী বা সরকারের কোনো দপ্তর থেকে কমিশন বন্ধের কোনো আদেশ বা ঘোষণাও দেওয়া হয়নি।সুতরাং পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির বিষয়ে নতুন দরখাস্ত দাখিল, আগে দাখিল করা দরখাস্ত থেকে উদ্ভূত মোকদ্দমাগুলো নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ, পরবর্তী তারিখ নির্ধারণসংক্রান্ত কমিশনের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম যথানিয়মে চালু আছে ও থাকবে।এই তথ্য বিবরণী প্রকাশের পর গত ৫ মে চুক্তি বাস্তবায়ন কমিটি ভূমি কমিশনকে চিঠি দেয়। ১৩ মে গণভবনে এক বিশেষ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তি বাস্তবায়নে সংগঠিত উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত দেন। সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধানমন্ত্রী ভূমি কমিশন আইন তাড়াতাড়ি সংশোধনের ব্যবস্থা নিতে বলেন।