পার্বত্য চট্টগ্রামবিষয়ক বিবৃতির জন্য ইইউ দূতকে তলব, প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে মন্তব্য করায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রায়ান ফোরেকে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইইউর বিবৃতিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে সরকার বলেছে, এ ধরনের বিবৃতি পার্বত্যাঞ্চলের পরিস্থিতির জন্য সহায়ক ভূমিকা পালন না করে অস্থিতিশীলতা উসকে দেবে।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ইইউর কূটনীতিককে বলেছেন, কোনো সরেজমিন তদন্তের ভিত্তিতে কিংবা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এ বক্তব্য দেওয়া হয়নি। বাংলাদেশ আশা করে, ইইউ দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং গঠনমূলক আচরণ করবে।গত শুক্রবার ইইউর ব্রাসেলস সদর দপ্তর পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয়। বিবৃতিতে ঘটনার সঙ্গে সেনাবাহিনী জড়িত থাকার অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল বিকেলে ইইউর ভারপ্রাপ্ত মিশন প্রধান ব্রায়ান ফোরেকে তাঁর দপ্তরে ডেকে পাঠান এবং আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেন।সরকারের আনুষ্ঠানিক প্রতিবাদপত্রে বলা হয়, ‘সরকার মনে করে, এ ধরনের বিবৃতি দেওয়াটা দুঃখজনক। কারণ ইইউর পক্ষ থেকে ঘটনার সরেজমিন তদন্ত করে তৈরি করা হয়নি। যে অভিযোগ ইইউর পক্ষ থেকে তোলা হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই।পররাষ্ট্রসচিব এ সময় বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তার আগের শাসনামলে শান্তিচুক্তি সইয়ের মতো সাহসী পদক্ষেপ নিয়েছিল। সে ধারাবাহিকতায় এবার ক্ষমতায় আসার পর শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য সরকার দেরি করছে না। এর মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক সেনাছাউনি প্রত্যাহার করা হয়েছে, সচল করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের কাজ এবং বেশ কিছু বিষয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে ওই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী ও ঝুঁকিতে থাকা আদিবাসীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি ঘটনার পর সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়গুলো উল্লেখ করে বলা হয়েছে, এর মধ্যেই ঘটনার ব্যাপারে মামলা দায়েরের পাশাপাশি দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে গৃহনির্মাণ সামগ্রীর পাশাপাশি ত্রাণসামগ্রী ও নগদ টাকাও দেওয়া হয়েছে। ওই অঞ্চলের লোকজনের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারির সহিংস ঘটনায় মদদদাতা ও জড়িত ব্যক্তিদের কোনোভাবে ছাড় না দেওয়া ও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে সরকার তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইইউর কূটনীতিকের হাতে প্রতিবাদপত্র দেওয়ার সময় পররাষ্ট্রসচিব বলেন, সরকার পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে পুনরায় অঙ্গীকার করছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের বন্ধুদের পূর্ণ আস্থা ও সহযোগিতা প্রত্যাশা করে। ভিত্তিহীন বিবৃতি এ প্রক্রিয়ার জন্য সহায়ক হবে না, বরং তা ওই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের উসকে দেবে। বাংলাদেশ আশা করে, ইইউ গঠনমূলক আচরণের মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দেবে।