পার্বত্য চট্টগ্রামে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীতে প্রতিবাদ সমাবেশ
পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতার পর গতকাল বৃহস্পতিবার রাতে আবারও আদিবাসীদের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। আজ শুক্রবার বিকেল চারটায় মুক্তাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সেনা প্রত্যাহার করে বহিরাগত বাঙালিদের সম্মানের সঙ্গে সমতলে পুনর্বাসনের মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হবে। গতকাল সাজেকের ডানেবাইবাছড়া পাহাড়ি গ্রামে আবারও অগ্নি সংযোগের কারণ তদন্ত করার দাবি জানিয়েছে তারা। সাজেক ভূমিরক্ষা কমিটির জ্ঞানেন্দু চাকমা বলেন, ‘৩৪ বছর ধরে হয়রানির ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এই অঘোষিত সেনাশাসন প্রত্যাহার না করলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কঠিন হয়ে যাবে।’সমাবেশে সংহতি জানায় সংস্কৃতির নয়া সেতু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, জাতীয় মুক্তি কাউন্সিল, বিপ্লবী ছাত্র সংঘসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবে পর্যন্ত গিয়ে আরেকটি সমাবেশ করে।