পার্বত্য চট্টগ্রামে আগে ভূমিবিরোধ নিষ্পত্তি পরে জরিপ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ীই ওই অঞ্চলের ভূমিবিরোধ নিষ্পত্তি করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চুক্তি অনুযায়ী আগে ভূমিবিরোধ নিষ্পত্তি করা হবে, তারপর জরিপ। ভূমিবিরোধ নিষ্পত্তির পাশাপাশি জরিপের প্রস্তুতিও চলবে।পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের হেডম্যান ও কার্বারিদের ভাতা বৃদ্ধি এবং ওই অঞ্চলের স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের পাহাড়ি ভাতা দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করে ওই অঞ্চলের মানুষের শিক্ষার সুযোগ সম্প্রসারিত করার সরকারি পরিকল্পনার কথাও তিনি বৈঠকে উল্লেখ করেছেন।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদে সরকারদলীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ভূমিমন্ত্রী রেজাউল করিম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, খাগড়াছড়ি ও বান্দরবানের সাংসদ যথাক্রমে যতীন্দ্র লাল ত্রিপুরা ও বীর বাহাদুর, তিন পার্বত্য জেলা পরিষদের তিনজন চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কমিশন এখন ভূমিবিরোধ নিষ্পত্তির দিকেই যাবে। তিনি বলেন, ‘এই প্রক্রিয়া আমরা আগেই শুরু করেছি। ইতিমধ্যে আমাদের কাছে প্রায় পাঁচ হাজার বিরোধ নিষ্পত্তির আবেদন জমা পড়েছে। এগুলোর প্রশাসনিক যাচাই-বাছাই শেষ। এখন ক্রমান্বয়ে শুনানি শুরু হবে।’বৈঠকে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা জেলা পরিষদের কাজের নানা সমস্যা লিখিতভাবে প্রধানমন্ত্রীর বরাবর উপস্থাপন করেন। এতে আইন-কানুন ও বিধিবিধানের অসংগতির জন্য জেলার অন্যান্য সংস্থার সঙ্গে জেলা পরিষদের সমন্বয়ের সমস্যা, জেলা পরিষদের জন্য সরকারি বাজেট বরাদ্দের স্বল্পতা প্রভৃতি বিষয় উঠে আসে। অন্য দুটি জেলা পরিষদের চেয়ারম্যান মৌখিকভাবে তাঁদের সমস্যার কথা বৈঠকে উপস্থাপন করেন।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী এসব অসংগতি দূর করার উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্থানীয় পর্যায়ের যেসব দপ্তর ও কার্যক্রম জেলা পরিষদের কাছে হস্তান্তর করার কথা কিন্তু এখনো করা হয়নি, সেগুলো দ্রুত হস্তান্তরের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেন।বৈঠকে প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘সরকারের প্রতি আস্থা রেখে যাঁরা অস্ত্র সমর্পণ ও চুক্তি স্বাক্ষর করেছিলেন, আমরা তাঁদের বিশ্বাস ভঙ্গ করতে পারি না।’ তিনি বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তি হলেই চুক্তির মূল বিষয়টি বাস্তবায়িত হয়ে যাবে। তাই বিষয়টিতে মনোনিবেশ করার জন্য তিনি নির্দেশ দেন।বৈঠক সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, চুক্তি বাস্তবায়নসহ পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।